‘দেশকে বাঁচান ম্যাডাম, সংবিধানকে রক্ষা করুন’, রাষ্ট্রপতির বাংলা সফরেও তাঁর কাছে নালিশের ঝুলি খুলে বসলেন মমতা

দেশের সাংবিধানিক প্রধানকে কাছে পেয়েছেন। এরপরই নানান অভিযোগের ঝুলি খুলে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংবিধানকে (constitution) রক্ষা করার আর্জি জানালেন। এর পাশাপাশি তিনি এও মনে করিয়ে দিলেন যে ভারতের মূল ভিত্তিই হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেই বৈচিত্র্য রক্ষার দায়িত্বের কথা বললেন মমতা।

আজ, সোমবার বাংলা সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন সন্ধ্যেয় তাঁর নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য মন্ত্রীরা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে বাংলার উন্নতি ও সম্মান প্রাপ্তির খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দেন যে বাংলা এখন একটা মডেল। শুধুমাত্র কেন্দ্র নয়, আন্তর্জাতিক মঞ্চেও বাংলা সম্মান পেয়েছে বলে জানান তিনি। তুলে ধরেন বাংলার নানান প্রকল্পের কথাও।

এদিন বক্তব্য শেষে রাষ্ট্রপতির কাছে আর্জি জানিয়ে মমতা বলেন, “আমাদের মধ্য়ে উপস্থিত রয়েছে দেশের সাংবিধানিক প্রধান। তাঁর কাছে একটাই আরজি, দেশের সমস্ত মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করুন। সংবিধানকে রক্ষা করুন। যে কোনও বিপর্যয় থেকে দেশকে রক্ষা করুন”। তাঁর সংযোজন, “বৈচিত্র্যের মধ্য়ে ঐক্য দেশের মূল ভিত্তি, সে কথা মনে রাখতে হবে”।

ওয়াকিবহাল মহলের মতে, রাষ্ট্রপতির কাছে মুখ্যমন্ত্রীর এমন আর্জি বেশ তাৎপর্যপূর্ণ। এর আগেও একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নষ্ট, সাংবিধানিক অধিকার খর্বের অভিযোগ এনেছেন মমতা। এবার রাষ্ট্রপতির সামনে সংবিধান রক্ষা করার আর্জি জানালেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ থেকে শুরু করে নানান বিষয় নিয়েই রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন বিরোধীরা। দেশের সংবিধান, যুক্তরাষ্ট্রীয় কাঠামো তথা গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ পরিসর আক্রান্ত, এসব উৎকণ্ঠার সঙ্গে জানিয়েছেন তারা। সামগ্রিকভাবে ভারতের যে ধারণা সেটাই আজ আক্রমণের মুখে। তবে অনেকেরই মতেই, রাষ্ট্রপতি ভবনে গিয়ে সেকথা বলা আর রাজ্য সফরের নাগরিক সংবর্ধনার মঞ্চে সেকথা বলার মধ্যে পার্থক্য অনেকটাই।

RELATED Articles