‘মিথ্যেবাদী একটা, হাইকোর্টে মামলা করে ল্যাজেগোবরে করব আপনাকে’, শুভেন্দুকে হুঁশিয়ারি অভিষেকের

দু’পক্ষের মধ্যে মাঝেমধ্যেই বাকযুদ্ধ লেগেই থাকে। একে অপরকে শানাতে বা চ্যালেঞ্জ জানাতে ছাড়েন না কেউই। এবার ফের একবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) মিথ্যেবাদী বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, “হাইকোর্টে মামলা করে ল্যাজেগোবরে করব আপনাকে”। অভিষেক এও স্পষ্ট বুঝিয়ে দিলেন যে শুভেন্দু যাই বলুন না কেন, তিনি তাতে আমল দিতে নারাজ।

আসলে, শুভেন্দু অধিকারী মাঝেসাঝেই নানান মন্তব্য করে থাকেন রাজ্য সরকারকে নিয়ে। কখনও ডিসেম্বর তত্ত্ব নিয়ে তিনি মন্তব্য করেছেন তো কখনও আবার জাতীয় দলের তকমা ফিরে পেতে অমিত শাহ্‌’কে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন, তেমন দাবী করেছেন। কিন্তু তাঁর কোনও দাবীই সেভাবে ফলপ্রসূ হয়নি। আর তা নিয়েই শুভেন্দুকে খোঁচা দিলেন অভিষেক। তাঁর কথায়, “ও পাবলিসিটি পাওয়ার জন্য, খবরে থাকার জন্য টুইট করেন। বলেন বোমা ফাটাব। কিন্তু তারপর দেখবেন কিছুই নেই”।

এরপরই শাহ্‌’কে মমতার ফোন করার প্রসঙ্গ তোলেন অভিষেক। শুভেন্দু বলেছিলেন যে মমতা যে শাহ্‌’কে সর্বভারতীয় তকমা ফিরে পেতে ফোন করেছিলেন, তা তিনি প্রমাণ করবেন। অন্যদিকে, মমতারও বক্তব্য ছিল শুভেন্দু যদি তা প্রমাণ করতে পারেন, তাহলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে আসবেন। তবে শুভেন্দু সেরকম কোনও প্রমাণ এখনও দিতে পারেন নি। সেকথা টেনেই এদিন অভিষেক বলেন, “একজন বলছেন মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব। মুখ্যমন্ত্রী তো বলেছেন অভিযোগ প্রমাণিত হলে ইস্তফা দেবেন। তাহলে এবার প্রমাণ করুন”।

শুভেন্দুকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, “আদালতে আপনাকে যেতেই হবে। হাই কোর্টে মামলা করব। আপনাকে ল্যাজেগোবরে করব। কোনও বেঞ্চ আপনাকে বাঁচাতে পারবে না”।  

অভিষেকের কথায়, “উনি ব্যক্তিগত স্তরে এত নিচে নেমেছেন যে আক্রমণ ছাড়া কিছুই বোঝেন না। উনি প্রতিটা সাংবাদিক বৈঠক, সভায় আমাকে গালিগালাজ করেন। কিন্তু আমার নাম নেন না। ভাববাচ্যে কথা বলেন। এতে মামলা করা যায় না। তাই এসব করেন। শুধুই মিথ্যে কথা বলে বাজার গরম করার চেষ্টা”। এদিন অভিষেক যেন স্পষ্ট বুঝিয়েই দিলেন যে শুভেন্দু যতই হুঁশিয়ারি শানান না কেন, তিনি কোনও কিছুতেই গুরুত্ব দেন না।

RELATED Articles