সমলিঙ্গ বিবাহ নিয়ে দেশের শীর্ষ আদালতে (Supreme Court) যখন সওয়াল-জবাব চলছে, এমন সময়ে এই বিষয়ে নিজের রায় জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, ভালোবাসার মধ্যে কোনও সীaমা থাকে না। সকলেরই অধিকার রয়েছে নিজের পছন্দের জীবনসঙ্গী বেছে নেওয়ার।
এই সমলিঙ্গ বিবাহ নিয়ে গত মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। কেন্দ্র সরকারের তরফে এই বিয়েকে আইনি বৈধতা দেওয়ায় আপত্তি জানিয়ে এসেছে। এ নিয়ে প্রয়োজনে রাজ্য সরকারগুলির মত নেওয়ার দাবীও জানিয়েছে কেন্দ্র সরকার। এমতাবস্থায় এই সমলিঙ্গ বিবাহ নিয়ে নিজের মতামত জানিয়ে দিলেন অভিষেক।
অভিষেকের কথায়, “বিষয়টি আদালতে বিচারাধীন। এ নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। ভারত গণতান্ত্রিক দেশ। আমার মতে, প্রত্যেকেরই নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে। ভালোবাসার কোনও ধর্ম হয় না, ভালোবাসার কোনও সীমা থাকে না, কোনও গণ্ডি থাকে না। তাই আমি যদি নিজের মনের মতো জীবনসঙ্গী বেছে নিতে চাই, সেটার অধিকার থাকা উচিত”।
এই বিষয়ে তিনি আরও বলেন, “আমি যদি পুরুষ হয়ে কোনও পুরুষের প্রতি আকৃষ্ট হই, আবার আমি যদি মহিলা হয়ে কোনও মহিলার প্রতি আকৃষ্ট হই, সেটা নিয়ে মন্তব্য করার কোনও অধিকার কারও নেই। আমি মনে করি, প্রত্যেকেরই ভালোবাসার অধিকার আছে, নিজেদের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে। আমি আশাবাদী, আমরা যে গণতান্ত্রিক কাঠামো এবং যে বৈচিত্র্যে গর্ববোধ করি, সেটার পক্ষে রায় দেবে সুপ্রিম কোর্ট”।
প্রসঙ্গত, এই সমলিঙ্গ বিবাহ নিয়ে এখনও পর্যন্ত শীর্ষ আদালত যা যা পর্যবেক্ষণ করেছে, তাতে এই বিয়েতে বেশীরভাগই বৈধতার পক্ষেই রায় গিয়েছে। এমনকি, খোদ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একাধিকবার সমলিঙ্গ বিবাহের পক্ষেই মন্তব্য করেছেন। এবার এই নিয়ে আদালতের চূড়ান্ত রায় কী হয়, এখন সেটাই দেখার।





