পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বড় ভাঙন শাসক শিবিরে! দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ ৩০ মুসলিম-সহ শতাধিক তৃণমূল কর্মীর

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর এর আগে ফের বড়সড় ভাঙন ঘটল শাসক শিবিরে। রামনগরে বিজেপির সভায় গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন ৩০ মুসলিম-সহ শতাধিক তৃণমূল কর্মী। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

একুশের বিধানসভা নির্বাচনের আগে ব্যাপক দলবদলের সাক্ষী ছিল রাজ্য। আর এবার পঞ্চায়েত নির্বাচনের আগেও তেমনই চিত্র দেখা যাচ্ছে বঙ্গে। গতকাল, বৃহস্পতিবার রামনগরে ছিল বিজেপির পঞ্চায়েত কর্মী সম্মেলন। এই সম্মেলনে যোগ দেন দিলীপ ঘোষ। পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে বার্তা দেন তিনি।

এদিনই এই সভাতেই বিজেপিতে যোগ দেন ৩০ মুসলিম-সহ শতাধিক তৃণমূল কর্মী। দিলীপ ঘোষের উপস্থিতিতেই হয় এই যোগদান। মন্ত্রী অখিল গিরির এলাকায় তৃণমূল ছেড়ে এতজন কর্মীর বিজেপিতে যোগ দেওয়া যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।

তবে এই প্রথমবার নয়, এর আগেও কারামন্ত্রী অখিল গিরির বিধানসভা এলাকা থেকে অনেক তৃণমূল কর্মী-সমর্থকরা যোগ দিয়েছেন বিজেপিতে। তা নিয়ে বেশ শোরগোলও পড়ে রাজ্য-রাজনীতিতে। মার্চ মাসের শেষের দিকেই রামনগরে বিজেপির কিষান মোর্চা সভা থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূলের দাপুটে নেতা মনোজিৎ মান্না সহ ৫০০টি পরিবার। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন বিজেপি নেত্রী মৌমিতা দাস।

আবার, চলতি মাসে দক্ষিণ দিনাজপুরের তপনেও তৃণমূল শিবিরে বড় ভাঙন ঘটে। সেখান থেকে ২০০ জন মহিলা তৃণমূল ছেড়ে যোগ দেন গেরুয়া শিবিরে। বিজেপিতে যোগ দিয়ে তারা অভিযোগ করেন যে দলের দুর্নীতি ও সরকারি পরিষেবা না মেলার কারণে তারা দল ছেড়েছেন।

RELATED Articles