হিরোই বটে! পিছল রাস্তায় ঘটে যায় দুর্ঘটনা, বাইক আরোহীদের বাঁচাতে এক অভিনব উদ্যোগ নিলেন পুলিশকর্মী

মান আর হুঁশ, এই দুই মিলিয়ে হয় মানুষ। কিন্তু সেকথা আর সকলের সবসময় মনে থাকে কোথায়! অনেক সময় বিপদের মধ্যে দেখেও অনেকে একে অপরকে সাহায্য করে না। তবে অনেকেই আবার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার মধ্যেই জীবনের সার্থকতা খুঁজে পান।

এমনই এক পুলিশকর্মীর কথা জানা গেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেই ট্র্যাফিক পুলিশ নিজের কর্মের মাধ্যমে মন জিতে নিয়েছেন সকলের। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে মুম্বইয়ের ওই ট্র্যাফিক পুলিশকর্মীর কাণ্ড।

কী করেছেন ওই পুলিশকর্মী?

আচমকা বৃষ্টি এলে খুবই পিছল হয়ে পড়ে রাস্তা। টু হুইলারগুলি প্রায়শই দুর্ঘটনার মুখে পড়ে। পিছলে গিয়ে বাইকগুলি ধাক্কা মারে অন্য গাড়িকে। সেকথা মাথায় রেখেই সমস্যা সমাধান করতে এগিয়ে আসেন ওই পুলিশকর্মী। ব্যাগভর্তি শুকনো ধুলো এনে রাস্তায় বিছিয়ে দিতে দেখা যায় তাঁকে। যাতে রাস্তা আর পিছল না থাকে, এটাই ছিল তাঁর উদ্দেশ্য।

ভান্ডুপ পাম্পিং সিগন্যালে বৃষ্টির সময় পিছল হওয়ার কারণে দুর্ঘটনা ঘটে যায় অনেক বাইকেই। এই পরিস্থিতিতে মানুষের কথা ভেবে সমস্যা সমাধান করলেন ওই পুলিশকর্মী। আর পুলিশকর্মীর সেই কাণ্ড মন জিতে নিয়েছে নেটিজেনদের। ভাইরাল হয়েছে পুলিশকর্মীর ধুলো বিছিয়ে দেওয়ার সেই ছবি।

এক নেটিজেন লিখেছেন, “পুলিশ বিভাগের কিছু মানুষের জন্যই আমি এখনও সিস্টেমে বিশ্বাস রাখতে পারি। এরা মানুষের উপরে ভরসা রাখেন। নিজেদের দায়িত্বের জায়গা পেরিয়েও মানুষের কল্যাণে এগিয়ে আসেন”।

RELATED Articles