রাজ্যের ১০০ দিনের টাকা নিয়ে ফের একবার নিজের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী চিঠি দিয়ে জানান যে কেন্দ্রের শর্ত যদি পূরণ না করা হয়, তাহলে ১০০ দিনের কাজের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া টাকা মেটানো হবে না। এই চিঠি দিয়ে কেন্দ্রকে পাল্টা তোপ দাগলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।
এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধিকা নিরঞ্জন জ্যোতির চিঠি সংবাদমাধ্যমকে দেখান সৌগত রায়। সেই চিঠি দেখিয়ে তিনি বলেন, “সেখানে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, MNREGA আইন অনুসারে কেন্দ্রের শর্ত পূরণ না করায় পশ্চিমবঙ্গের টাকা বকেয়া রাখা হয়েছে। এর পর তো আর কোনও কথা থাকতে পারে না। আমাদের সর্বাত্মক আন্দোলনে নামতে হবে। মানুষের টাকা এভাবে আটকে রাখা যায় না”।
সৌগতর এই মন্তব্যের পাল্টা দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “কেন্দ্রের কাছ থেকে টাকা নেবেন চেয়ে চেয়ে, হিসাব দেবে না। মামা বাড়ির আবদার না কি? আর টাকা দিলেও মানুষের কোনও উপকার হবে না”।
তাঁর কথায়, “ওই টাকায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের তিন তলা বাড়ি ৫ তলা হবে। তাতে আরও কয়েকটা এসি বসবে। সাধারণ করদাতার পরিশ্রমের টাকা কেন্দ্রীয় সরকার এভাবে নয়ছয় হতে দিতে পারে না। রাজ্য সরকার হয় হিসাব দিক, নইলে যারা এই দুর্নীতিতে যুক্ত তাদের আইনানুগ শাস্তি দিক”।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় দাবী করে যাচ্ছেন যে ২০২৪ সালের আগে কেন্দ্র সরকার রাজ্যকে কোনও টাকা দেবে না বলে ঠিক করেছে। তবে নিজের সেই দাবীর সমর্থনে কোনও নথি পেশ করতে পারেন নি তিনি।
মুখ্যমন্ত্রীর এই দাবী প্রসঙ্গে বিজেপির পাল্টা দাবী, নিজের দলের চোরদের বাঁচানোর জন্য আজেবাজে কথা বলে মানুষকে খেপানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। মানুষ অত বোকা নয়।





