চীন থেকে ইতিমধ্যেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস কোভিড ১৯। এমতাবস্থায় বেলজিয়ামের ব্রেসেলসে ইন্দো-ইউরোপিয়ান ইউনিয়ন সামিটে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংবাদিক বৈঠক ডেকে এমনটাই জানিয়ে দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার। তিনি আরও জানিয়েছেন, কোভিড ১৯ ভাইরাসের কথা মাথায় রেখে ওই সামিটে অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা একে অপরের দেশে যাবেন না বলে ঠিক করেছেন। বর্তমান অবস্থার কথা মাথায় রেখে ওই ইন্দো-ইউরোপিয়ান ইউনিয়ন সামিটের দিন পিছিয়ে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, আগামী ১৩ মার্চ বেলজিয়ামে ইউরোপিয়ান ইউনিয়নের অফিসে ওই সামিট হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার পর্যন্ত বেলজিয়ামে নতুন করে ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে স্থানীয় সুত্রে খবর। সব মিলিয়ে এই নিয়ে সেখানে ২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এহেন পরিস্থিতিতে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আলোচনা করেই প্রধানমন্ত্রীর যাওয়া আপাতবস্থায় রদ করা হয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।





