‘বিজেপির থেকে টাকা নিয়েই ভাঙড়ে অশান্তি করেছে আইএসএফ’, মনোনয়ন পর্বে হিংসা নিয়ে নওশাদকে আক্রমণ মমতার

শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব। গোটা মনোনয়ন পর্ব জুড়ে রাজ্যের যে এলাকা সবথেকে বেশি উত্তপ্ত ছিল, তা হল ভাঙড়। গোলাগুলি, বোমাবাজি কিছুই বাদ পড়ে নি। অশান্তির জেরে মৃত্যু হয়েছে এক আইএসএফ কর্মীরও। এমন অশান্তির আসল কারণ কী, তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর কম নয়। এবার এই অশান্তির কারণ হিসেবে বিজেপি ও আইএসএফ-কে একযোগে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বিজেপির থেকে টাকা নিয়ে ভাঙড়ে অশান্তি করেছে নওশাদ সিদ্দিকিরা।

৬০ দিন পর গতকাল, শুক্রবার শেষ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি। কাকদ্বীপে শেষ সভা ছিল তাঁর। এদিনের এই সভায় অভিষেকের সঙ্গে ছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ভাঙড়ে মনোনয়ন পর্বে যে অশান্তি হয়েছে, তা নিয়ে সরব হন তিনি। এই হিংসা, অশান্তির জন্য সরাসরি আইএসএফকেই দায়ী করেন মমতা। শুধুমাত্র আইএসএফ-ই নয়, এদিন একই সঙ্গে বিজেপিকেও তিনি নিশানা করেন তিনি।

মমতার কথায়, “ভাঙড়ে অশান্তির জন্য তৃণমূল দায়ী নয়। ওখানে আইএসএফ সন্ত্রাস করেছে। বিজেপির থেকে টাকা পেয়ে আইএসএফই অশান্তি বাঁধিয়েছে। এই জায়গা ছাড়া রাজ্যের সর্বত্র এত শান্তিপূর্ণ মনোনয়ন হয়নি এর আগে”।

মমতার এমন মন্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, “আমি ওঁর সঙ্গে নবান্নে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু দেখা পাইনি। উনি আমাকে সময় দিতে পারেননি। অথচ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীকে ডেকে মালা পরানোর সময় আছে। এতেই বুঝুন, বিজেপির সঙ্গে কার সখ্য বেশি। আর তাছাড়া আমাদের সঙ্গে বিজেপির যোগের কথা যে বলছেন, আমাকে গ্রেপ্তারির সময় তো আমার মোবাইল ফোনটা পুলিশ নিয়ে নিয়েছিল। কিছু কি খুঁজে পেয়েছে পুলিশ”?

RELATED Articles