সামনেই পঞ্চায়েত নির্বাচন। বিজেপি প্রার্থীদের হয়ে ভোটের প্রচারে নেমেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল, রবিবার নন্দীগ্রামের এক সভা থেকে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে ফের একবার তোপ দাগেন তিনি। পুলিশ সুপারের বিরুদ্ধে কমিশনে অভিযোগ করবেন বলেও জানান শুভেন্দু। এর পাশাপাশি তাঁর প্রতিশ্রুতি, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে বাংলার মহিলারা ২০০০ টাকা করে পাবেন।
গতকাল, রবিবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় প্রার্থী পরিচিতি সভা করেন শুভেন্দু অধিকারী। এদিন ফের একবার ভোটের দফার কথা শোনা যায় তাঁর গলায়। শুভেন্দুর বক্তব্য, কেন্দ্র যে ৩৩৭ কোম্পানি বাহিনী দিয়েছে তাতে তিন দফায় ভাগ করে পঞ্চায়েত ভোট করানো দরকার। এক্ষেত্রে শুভেন্দু ডেডলাইনও দেন। বলেন, “বুধবার পর্যন্ত অপেক্ষা করুন”।
এদিনের সভা থেকে শুভেন্দু বলেন, পুলিশ সুপার অমরনাথ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হেঁটেছেন। ভোটের মুখে শুভেন্দুর হুমকি, “এমন কাউকে দিয়ে কী করে ভোট করানো যায়? যদি নির্বাচন কমিশন তাঁকে না সরায় তাহলে অভিষেকের মিছিলে হাঁটার ছবি নিয়ে কোর্টে যাব”।
এদিনের এই সভায় যদিও শুভেন্দু লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তোলেন নি। তবে তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করে বলেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিও মহিলাদের টাকা দেয়। শুভেন্দু বলেন, “আমাদের অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মাতৃশক্তিকে ৩ হাজার টাকা করে দেন। আমাদের মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ঢাক ঢোল বাজান না, ২ হাজার টাকা করে মাতৃমণ্ডলীর অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। যেদিন বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসবে ৫০০ নয়, রাজ্য সভাপতি ঘোষণা করেছেন, আমিও তাঁর সাথী ২ হাজার টাকা করে মাতৃমণ্ডলীকে দেব”।
এখানেই শেষ নয়। এদিনের সভা থেকে পাটনায় বিরোধীদের জোট বৈঠক নিয়েও কটাক্ষ শানান বিরোধী দলনেতা। তাঁর কথায়, “কংগ্রেস তৃণমূল সিপিএম জোট বেঁধেছে। এসব করে লাভ নেই। দেশের মানুষ বিজেপিকেই আবার ক্ষমতায় বসাবে”। শুভেন্দুর কথায়, নরেন্দ্র মোদীকে দিল্লি থেকে সরিয়ে দিলে সমস্ত দুর্নীতির তদন্ত বন্ধ হয়ে যাবে। সেই কারণেই ‘চোরদের জোট’ বলে আক্রমণ শানান তিনি।






