শারীরিক প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে ভোটের প্রচার, পঞ্চায়েত ভোটের লড়াইয়ে হিলিতে নজর কাড়ছেন তৃণমূল প্রার্থী ‘২ ফুটের’ চুমকি

শক্তি ও ক্ষমতা প্রদর্শনের রাজনীতির মাঝে উঠে এল এক অন্য চিত্র। ব্যতিক্রমী হিসেবেই এবার সকলের নজরে এলেন দক্ষিণ দিনাজপুরের হিলির তৃণমূল প্রার্থী। উচ্চতা মেরেকেটে ২ ফুট, বয়সও অনেকটাই কম। তা সত্ত্বেও নিজের হাতে দলের নিশান তৈরি করে ঘুরে ঘুরে প্রচার সারছেন প্রার্থী। তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলে নি গেরুয়া শিবিরও।

দক্ষিণ দিনাজপুরের ধলপাড়া পঞ্চায়েতের চকমোহন গ্রাম সাংসদ থেকে পঞ্চায়েত ভোটে তৃণমূলের হয়ে লড়াই করছেন বছর ২৩-এর চুমকি ঘোষ। এখনও পড়াশোনা করছেন চুমকি। হিলি গভর্নমেন্ট কলেজের অন্তিম বর্ষের পড়ুয়া তিনি। চুমকির বাবা চঞ্চল ঘোষ হাটের ছোট ব্যবসায়ী। মা চিত্রা ঘোষ গৃহবধূ। এলাকার বাসিন্দারা বলছেন ছোট থেকেই পড়াশোনায় বেশ ভালো চুমকি। রাজনৈতিক বোধও চমৎকার। ভোটের ময়দানে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী চুমকি। 

চুমকির উচ্চতা খুব বেশি হলে ২ ফুট। নানান সমস্যাও রয়েছে। তাঁর কথায়, “অনেক দিন থেকেই ভোটে দাঁড়ানোর ইচ্ছা ছিল। সেই ইচ্ছা পূরণ করেছে তৃণমূল। সব জায়গায় প্রচার নেমেছি। দিদির উন্নয়নের খতিয়ান তুলে ধরছি”। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে এলাকার নানা প্রান্তে ঘুরছেন। দলীয় কর্মীদের নিয়ে জোরকদমে প্রচার চালাচ্ছেন তিনি। প্রতিদিন সকাল হতেই রুটিন করে দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচারে বেরিয়ে পড়ছেন ‘ছোট্ট’ চুমকি। 

চুমকি জানান, “শারীরিক প্রতিবন্ধকতা ভোট প্রচারের কোনও বাধাই নয়। আগামী দিনে মানুষের পাশে থাকতে চাই। মানুষের জন্য কিছু করতে চাই। এটাই আমার উদ্দেশ্য”। ভোটের কাজের জন্য পড়াশোনায় বেশ খানিকটা প্রভাব পড়ছে বটে, তবে সবদিক সামাল নিয়ে ঠিক সময় করে পড়তেও বসছেন চুমকি।

তৃণমূলের এই প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছে গেরুয়া শিবিরও। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, “সমাজের সব শ্রেণির মানুষের ভোটে লড়ার অধিকার রয়েছে। এরকম একজন মহিলাকে তৃণমূল যে ভোটে দাঁড় করিয়েছে তার জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি”।

তবে আবার  তৃণমূলকে খোঁচা দিয়েও চুমকিকে সতর্ক করে বিজেপি নেতা বলেন, “মনে রাখতে হবে উনি আসলে চোরেদের দল থেকে দাঁড়িয়েছেন। এটা দুর্ভাগ্যের বিষয়। তৃণমূলে যত ভাল মানুষই যাক দলটা এমনই যে সকলকে চোর হয়ে যেতে হয়। আসলে এটাই তৃণমূলের ধর্ম। তাই উনি তৃণমূলের প্রার্থী না হয়ে অন্য দলের প্রার্থী হলে ভালো হত। তাহলে ওনার সম্মানটা থেকে যেত”।

আরও অন্যান্য খবর