সকাল সকাল তৃণমূল-বিজেপি সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে মৃত ১, পঞ্চায়েত ভোটের আবহে তুমুল চাঞ্চল্য দিনহাটায়

পঞ্চায়েত নির্বাচনের আবহে রাজ্যে অশান্তি থামছেই না। আজ, মঙ্গলবার সকাল সকাল তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের জেরে অশান্তির পরিবেশ তৈরি হয় দিনহাটার গীতলদহে। গুলিবিদ্ধ হয় ৪ জন। একজনের মৃত্যু হয়েছে বলে খবর। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে দাবী পুলিশের। অন্যদিকে, এই ঘটনায় বিজেপিকে দুষছে তৃণমূল।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে শুরু হয়েছে অশান্তি। রাজ্যের নানান প্রান্ত থেকে একাধিক অভিযোগ উঠে এসেছে। রাজ্য যেমন বোমা-বারুদের স্তূপে পরিণত হয়েছে। বোমাবাজি, গুলিগালা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বাংলায়। এর আগে মুর্শিদাবাদের ডোমকলে ঘটে হিংসার ঘটনা। এর কয়েকঘণ্টা পেরোতে না পেরোতেই দিনহাটায় চলল গুলি।

পুলিশ সূত্রে খবর, আজ, মঙ্গলবার সকালে দিনহাটার জারিদল্লাহ গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তি শুরু হয়। মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সেই সময় চলে গুলি। জখম হন ৫ জন। তাঁদের মধ্যে বাবু হক নামে একজনের মৃত্যু হয়েছে। 

জানা যাচ্ছে, এই এলাকাটি বাংলাদেশ সীমান্তের খুব কাছে। এখানে পৌঁছনোর একমাত্র উপায় জলপথ। পুলিশও জলপথেই ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আহতদের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্ব নয় বরং বিজেপির গুলিতেই তারা আহত হয়েছেন।

উল্লেখ্য, গতকাল, সোমবার রাতেই গুলি চলেছিল মুর্শিদাবাদের ডোমকলে। ৪ জন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। সিপিএমের বিরুদ্ধে এই হামলার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় তারা।

RELATED Articles