কোনও কিছুই ফেলা যায় না, একথা হয়ত একেবারে সত্যি। তবে ফেলে দেওয়া জিনিসের মধ্যে দিয়ে সুরের ছন্দ খুজেও পাওয়া যায়, তাই-ই প্রমাণ করে দেখালেন শ্রীরামপুরের সোমনাথ বন্দ্যোপাধ্যায়। ফেলে দেওয়া বোতল হোক বা নারকেল মালা সবকিছু কুড়িয়ে এনে সেসব দিয়েই তৈরি করে ফেললেন বাদ্যযন্ত্র। তাঁর সেই সৃষ্টি দেখে আশ্চর্য লোকজন।
সুরের খোঁজ পেতে বা সুরের ছন্দে নিজেকে ভাসাতে যে দামী বাদ্যযন্ত্র নয়, নিজের কল্পনাশক্তিকেই পাথেয় করেছেন এই শিল্পী। শ্রীরামপুরের সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য, নানান ফেলে দেওয়া জিনিস যা আমরা আর ব্যবহার করি না, সেসব দিয়েই বাদ্যযন্ত্র তৈরি করা। ইতিমধ্যেই নানান বাদ্যযন্ত্র বানিয়ে সুর তৈরি করে ফেলেছেন তিনি। এলাকায় জলতরঙ্গ শিল্পী হিসেবে নাম রয়েছে তাঁর।
সোমনাথবাবু ইতিমধ্যেই ফ্লোর টাইলস দিয়ে সিরামিক তরঙ্গ, কাচ দিয়ে কাচতরঙ্গ, সসের বোতল দিয়ে বোতলতরঙ্গ, ঠান্ডা পানীয়ের বোতল দিয়ে প্লাস্টিক বোতল তরঙ্গ নামের বাদ্যযন্ত্র তৈরি করে ফেলেছেন। তাঁর সেই বাদ্যযন্ত্র মুগ্ধ করেছে মানুষকে। সারা বছর দেশের নানান প্রান্তে নিজের তৈরি নানান ধরনের শব্দ তরঙ্গের মাধ্যমে অনুষ্ঠান করে থাকেন সোমনাথবাবু।
জানা গিয়েছে, সোমনাথবাবু বাবা নীরদবরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন বিখ্যাত জলতরঙ্গ শিল্পী। তিনি নিজে বাঁশ দিয়ে বাঁশতরঙ্গ এবং কাঠ দিয়ে কাঠতরঙ্গ তৈরি করেছিলেন। ১২ বছর বয়সে বাবাকে হারান সোমনাথবাবু। বাবার তৈরি বাঁশতরঙ্গ দিয়েই নানান জায়গায় অনুষ্ঠান করতেন তিনি। পরে নিজের সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা শুরু করে সোমনাথবাবু।

ফেলে দেওয়া জিনিস দিয়ে বানাতে থাকেন নানান বাদ্যযন্ত্র। তারা তৈরি মালার জলতরঙ্গ, ড্রামসেট, একতারা, বাংলা ঢোল, তবলা, সেতার, তানপুরা-সহ নানান বাদ্যযন্ত্র ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে। সোমনাথবাবুর কথায়, “আমি ফেলে দেওয়া বা বাতিল জিনিস দিয়েই বাদ্যযন্ত্র তৈরি করি। সসের বোতল, ঘিয়ের শিশি, নারকেল মালা দিয়েই তৈরি করি বিভিন্ন বাদ্যযন্ত্র আর সেগুলো দিয়ে নতুন নতুন সুরসৃষ্টিতেই আনন্দ”।
শুধুমাত্র বাদ্যযন্ত্র শিল্পী হিসেবেই নয়, হস্তশিল্পী হিসেবেও খ্যাতিলাভ করেছেন সোমনাথবাবু। কারণ ফেলে দেওয়া জিনিস দিয়ে শুধুমাত্র বাদ্যযন্ত্রই নয়, ঘর সাজানোর নানান উপকরণও তৈরি করে ফেলেছেন তিনি। সুর আর শিল্প নিয়েই ব্যস্ত থাকেন শ্রীরামপুরের এই শিল্পী।






