বৃষ্টির খরা বাংলায়, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, ভ্যাপসা গরমের জেরে অস্বস্তি বাড়বে বঙ্গবাসীর

একদিকে যখন উত্তর ও পশ্চিম ভারত অতিবৃষ্টির জেরে বন্যায় ভাসছে, তখন বাংলা থেকে যেন উধাও হয়ে গেল বৃষ্টি। ভরা বর্ষার মরশুমে রাজ্যে বৃষ্টিতে খরা দেখা দিয়েছে। আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্টে ঝিরিঝিরি বৃষ্টির কারণে বাড়বে ভ্যাপসা গরম ও অস্বস্তি, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল, মঙ্গলবার থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে। আজ, সোমবার সকালে কলকাতায় আপেক্ষিক তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে সকালে তাপমাত্রা কম রয়েছে বটে। তবে সারাদিন আর্দ্রতাজনিত অস্বস্তির জেরে নাকাল হবেন বঙ্গবাসী।

অন্যদিকে, এতদিন ধরে উত্তরবঙ্গে বেশ বৃষ্টি হলেও আগামীকাল থেকে সেখানেও বৃষ্টির পরিমান ধীরে ধীরে কমবে বলে জানাল আবহাওয়া দফতর। আজ, সোমবার উত্তরবঙ্গের কয়েকটি জেলা যেমন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, সোমবার দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রিয়েছে। কিছু জায়গায় আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিন্তু বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। ফলে ঘাম থেকে মুক্তি নেই দক্ষিণবঙ্গবাসীর।

আরও অন্যান্য খবর