ভ্যাপসা গরম থেকে কী রেহাই পাবে রাজ্যবাসী? ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

দক্ষিণবঙ্গে এখন রোদের তেজ তেমন না থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তির জেরে ঘামে নাজেহাল মানুষ। একদিকে যখন উত্তরবঙ্গ ভারী বৃষ্টির জেরে অতিষ্ঠ, সেই সময় আবার দক্ষিণবঙ্গের মানুষ বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায়। তবে এবার হয়ত অপেক্ষার পালা সাঙ্গ হতে চলেছে, আজ, রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

গত কয়েকদিন ধরেই কলকাতার আকাশের যেন ছন্নছাড়া অবস্থা। এই রোদ তো আবার পরক্ষণেই আকাশ মেঘলা করে ঝিরিঝিরি বৃষ্টি। আর এমন বৃষ্টির জন্য আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে। কলকাতার আবহাওয়া আজ, রবিবারও এমনই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের কোথায় কোথায় হবে বৃষ্টি?

এই বছর উত্তরবঙ্গে মোটামুটি ঠিকঠাক সময়ে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে অনেকটা দেরিতেই ঢুকেছে বর্ষা। কিন্তু বর্ষার মরশুমেও মুষলধারে বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়েছে। তবে হাওয়া অফিস সূত্রে খবর, আজ, রবিবার পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রার হেরফের খুব একটা হবে না। আর্দ্রতাজনিত অস্বস্তি কাটবে না এখনই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন দেখা যাবে না বলেই জানা যাচ্ছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি হলেও উত্তরবঙ্গে আবার অতিবৃষ্টির জেরে নাজেহাল সেখানকার মানুষ। দুই দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও, উত্তরবঙ্গেও অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।

RELATED Articles