‘যেমন টাকা বের করতে পারবে তেমন পদ মিলবে’, লক্ষাধিক টাকায় বিক্রি হচ্ছে পঞ্চায়েত পদ, ভাইরাল তৃণমূল নেতার অডিও ক্লিপ

পঞ্চায়েত প্রধানের পদ পাওয়ার জন্য তৃণমূল নেতাদের লক্ষ লক্ষ টাকা দিতে হবে। এই নিয়ে দুই তৃণমূল নেতা-নেত্রীর ফোনের কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হল। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭। অভিযুক্তরা এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলায়।

কী শোনা গিয়েছে ওই অডিও ক্লিপে?

ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপে শোনা গিয়েছে একটি মহিলা কণ্ঠস্বর। তিনি হলেন চণ্ডিতলা দুই নম্বর ব্লকের বাকসা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের জয়ী সদস্য মমতা মালিক। আর অপর প্রান্তে যে পুরুষকণ্ঠটি, তিনি হলেন দলের স্থানীয় অঞ্চল সভাপতি সঞ্জয় মান্না। এই অডিওতে তাদের একে অপরকে বলতে শোনা গিয়েছে, “যেমন টাকা বের করতে পারবে তেমন পদ মিলবে”।

সঞ্জয় মান্না জানান, পঞ্চায়েত বোর্ড গঠনের আগে জেলা পরিষদের জয়ী সদস্য অর্পিতা কুণ্ড হালদার ও দলের অনেকেই গিয়েছিলেন জয়ী সদস্যা মমতা মালিকের বাড়ি। পঞ্চায়েতে পদ পাইয়ে দিতে তারাই টাকার দাবী করেন। পরে আবার সাফাই দিয়ে তিনি বলেন, ভোটের মাধ্যমেই পঙ্কজ ঘোষ প্রধান ও সীমা সী উপপ্রধান পদ পেয়েছেন।

কী জানাচ্ছে তৃণমূল

এই বিষয়ে চণ্ডিতলা দুই নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি বিকাশ ঘোষ বলেন, “টাকা চাওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে দলীয় নেতৃত্বকে জানানো হবে”।

যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অর্পিতা কুণ্ডু হালদার, তাঁর কথায়, “আমি কোনও বিতর্কে যেতে চাই না। আমার কাছেও অনেক ভিডিও আছে। তবে দলের বিরুদ্ধে যাব না। রাজনীতি এখন এমন জায়গায় পৌঁছে গিয়েছে কেউ খেলতে চাইছে, কেউ খেলাচ্ছে আর কেউ মহড়া হচ্ছে।আমার কোনও ব্যাড রিপোর্ট নেই। রাজনীতি আমার নেশা, পেশা নয়”।

এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ে নি বিরোধীরা

এই ঘটনা প্রসঙ্গে শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি দেবাশীষ মুখোপাধ্যায় বলেন, “তৃণমূল দলটা যাঁরা করছেন তাঁদের একটাই উদ্দেশ্য কীভাবে টাকা ইনকাম করবে। তৃণমুল কংগ্রেসের জন প্রতিনিধিরা মানুষের উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করে সেটা নিচ থেকে উপর তলা পর্যন্ত”।

RELATED Articles