গত শনিবারই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া চার শিক্ষক জামিন পেয়েছেন। এরই মধ্যে আবার আজ, সোমবারই ৫০ জন শিক্ষককে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। এদিন সকাল থেকেই একের পর এক শিক্ষক সিবিআই দফতরে পৌঁছচ্ছেন। সিবিআই সূত্রে খবর, এই শিক্ষকদের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে। এদের জবানবন্দি রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে।
এর আগে মুর্শিদাবাদের চার শিক্ষকের বয়ান রেকর্ড করে তাদের সাক্ষী হিসাবে চার্জশিটে দেখিয়েছিল সিবিআই। তবে তাতে আদালত সিবিআইয়ের উপর কিছুটা অসন্তুষ্ট হয়েছিল। আদালতের বক্তব্য ছিল, এরা সাক্ষী কেন? এদের অভিযুক্ত হিসাবে দেখাতে হবে। এ কথা বলেই আদালত ওই চার শিক্ষককে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
তারপর থেকেই দফায় দফায় কিছু শিক্ষককে তলব করতে থাকে সিবিআই। এর আগে বাঁকুড়ার সাতজন শিক্ষককে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল। তারপর আরও ১২ জন শিক্ষককে নিজাম প্যালেসে তলব করা হয়। আর এবার একাবারে ৫০ জন শিক্ষককে নিজাম প্যালেসে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
সিবিআই সূত্রে খবর, কেন্দ্রীয় তদন্তকারীরা এবার আদালতের নির্দেশে এবার বদলি দুর্নীতির তদন্তও শুরু করবেন। ৪০০ জন শিক্ষকের তালিকা রয়েছে তাদের কাছে। এই শিক্ষকরা টাকা দিয়ে নিজেদের পছন্দমতো জেলা বা মহকুমায় বদলি নিয়েছেন বলে অভিযোগ।
শিক্ষক বদলির ক্ষেত্রেও কোনও চক্র কাজ করছিল কী না, এতে মিডলম্যান হিসেবে কারা ছিল, তা খতিয়ে দেখতে হবে। এই চক্রের সঙ্গে কোনও দফতরের মন্ত্রী জড়িত ছিলেন কী না, তাও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে সিবিআই সূত্রে।





