প্রায় ১০ বছর পর রেল দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষতিপূরণ বাড়াল ভারতীয় রেল। ক্ষতিপূরণের অঙ্ক বাড়ল এক ধাক্কায় ১০ গুণ। অল্প কোনও জখম হোক বা প্রাণহানি, এবার থেকে ক্ষতিপূরণ মিলবে ১০ গুণ বেশি, এমনটাই ঘোষণা ভারতীয় রেল বোর্ডের।
রেলের এমন সিদ্ধান্তে আবার অনেকেই রাজনৈতিক ছোঁয়া দেখছে। পর্যবেক্ষকদের একাংশের মতে, আগামী বছরই লোকসভা নির্বাচন। বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধী দলগুলি একজোট হয়ে ইন্ডিয়া জোট গঠন করেছে। এমন পরিস্থিতি অনুকূল জনমত গড়ে তুলতেই টিম মোদী এমন সিদ্ধান্ত নিয়েছে বলে অনুমান।
তবে রেলের একাংশ কর্তার কথায়, এর আগে ক্ষতিপূরণের অঙ্ক অনেকটাই কম ছিল। তা নিয়ে নানান সময় নানান অনুযোগও এসেছে যাত্রীমহল থেকে। সেই কারণেই বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো হয়েছে ক্ষতিপূরণের অঙ্ক।
ভারতীয় রেল সূত্রের খবর, ২০১২ ও ২০১৩ সালে শেষ বাড়ানো হয়েছিল ক্ষতিপূরণের অঙ্ক। তখন মোদী ক্ষমতায় ছিলেন না। সেদিক থেকে দেখতে গেলে নিজের ১০ বছরের জমানায় এই প্রথম রেলের ক্ষতিপূরণের অঙ্ক বৃদ্ধি করল মোদী সরকার।
এই নয়া সিদ্ধান্ত ১৮ সেপ্টেম্বর থেকেই লাগু হয়েছে বলে জানা গিয়েছে। আগে রেল দুর্ঘটনার জেরে কারোর মৃত্যু হলে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হত। এবার থেকে সেই ক্ষতিপূরণের অঙ্ক বেড়ে দাঁড়াল ৫ লক্ষ টাকায়। আবার রেলের লেভেল ক্রসিংয়ে কারোর মৃত্যু হলে ক্ষতিপূরণ হিসেবে মিলবে ৫ লক্ষ টাকা। কোনও ব্যক্তি রেল দুর্ঘটনায় গুরুতর জখম হলে আগে ক্ষতিপূরণ বাবদ মিলত ২৫ হাজার টাকা। এখন তা হল আড়াই লক্ষ টাকা। স্বল্প চোটের ক্ষেত্রে ক্ষতিপূরণ ৫ হাজার থেকে বেড়ে দাঁড়াল ৫০ হাজার টাকায়।
কোনও ব্যক্তি যদি ট্রেনে আত্মঘাতী হন বা আত্মহত্যার চেষ্টা করেন, তাহলে রেল কোনও ক্ষতিপূরণ দেয় না। কারণ এই নিয়ম অবৈধ। ট্রেন সফরের মাঝেও যদি কোনও ব্যক্তি মৃত্যু হয়, তাহলেও ক্ষতিপূরণ দেয় না রেল।






