সামনেই দুর্গাপুজো আর ঠিক আগেই রীতিমতো আগুন কাঁচা সবজির বাজারে। রবিবার সকালে বাজারে গিয়ে সবজির দর করতেই মাথায় হাত আমজনতার। আলু থেকে শুরু করে পটল, ফুলকপি, বেগুন সব কিছুর দামই যেন আকাশছোঁয়া। ফলে রবিবার ব্যাগ হাতে বাজারে গিয়ে পকেট খালি করে এলেও বাজারের ব্যাগ ভরল না। শহরের উত্তর থেকে দক্ষিণ, সব বাজারের অবস্থাই একই।
কেন বাড়ল সবজির দাম?
বিক্রেতাদের কথায়, গত কয়েকদিন ধরে রাজ্যে যে হারে একটানা বৃষ্টি হয়েছে, তার জেরে ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। মাঠেই প্রচুর সবজি পচে গিয়েছে। যেগুলি ভালো ছিল, তার একটা বড় অংশতেও রোদ ওঠার সঙ্গে সঙ্গে পচন শুরু হয়েছে। একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। এর জেরে সবজির এমন আগুন দাম।
কী জানাচ্ছেন ব্যবসায়ীরা?
সবজির এমন দাম নিয়ে ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজার থেকে বেশি দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে তাদের। বাজারে চল্লিশ টাকা কিলো দরে নতুন আলু বিক্রি হচ্ছে। পেঁপে কুড়ি টাকা কিলো। টমেটো ৫০ টাকা কেজি। গাজর ৫০ টাকা কিলো। করলা ষাট টাকা কেজি। বাঁধাকপি ৫০ টাকা কেজি। বেগুন ৮০ থেকে ৯০ টাকা কেজি। পটল ৬০ টাকা কেজি। এই পটলই কয়েকদিন আগে ৪০ টাকায় পাওয়া যাচ্ছিল।
অন্যদিকে, ঝিঙের দাম ৫০ থেকে ৬০ টাকা কেজি। কাঁচা লঙ্কা বিক্রি হচ্ছে দেড়শো, দুশো টাকা কেজি প্রতি। ফুলকপি ৫০ টাকা পিস। একটু বড় সাইজের বেগুন ১০০ টাকা কেজি। ক্যাপসিকাম ১৫০ টাকা কেজি। ঢ্যাঁড়শ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কিলো দরে। মোটের উপর সব সবজিতেই গড়ে কিলো প্রতি কুড়ি টাকা করে বেড়ে গিয়েছে।





