“১১০-র বেশি আসন পাবে বিজেপি, ৫ মে-তেই খেলা শেষ” বিস্ফোর*ক দাবি অমিত শাহ-র! অনুপ্রবেশ, নারী নিরাপত্তা ও শিল্প ইস্যুতে একের পর এক আক্রমণ বদলের হাওয়ায় কি টালমাটাল তৃণমূল?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। সেই আবহেই হুগলির উত্তরপাড়ায় জনসভা করে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্যে উঠে এল সিন্ডিকেটরাজ, ‘ভাইপো-ট্যাক্স’, অনুপ্রবেশ এবং নারী নিরাপত্তার মতো একাধিক ইস্যু। একইসঙ্গে বিজেপির জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী দাবি করেন তিনি।

শুক্রবার উত্তরপাড়ার সভামঞ্চ থেকে শাহ বলেন, প্রথম দফার ভোটের ফলেই পরিষ্কার ইঙ্গিত মিলেছে যে বিজেপি বড় ব্যবধানে এগোচ্ছে। তাঁর দাবি, “এই দফায় বিজেপি ১১০-এর বেশি আসন পাবে এবং ৫ মে-র পর তৃণমূল কংগ্রেস-এর খেলা শেষ হয়ে যাবে।” তিনি আরও বলেন, রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে শুরু করেছেন এবং খুব শীঘ্রই বাংলায় নতুন সরকার গঠন হবে।

সভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন শাহ। তাঁর কথায়, বাংলায় ‘সিন্ডিকেটরাজ’ এবং ‘ভাইপো-ট্যাক্স’-এ মানুষ অতিষ্ঠ। তিনি দাবি করেন, নির্বাচনের পর এই সব বেআইনি প্রথা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। “৫ মে-র পর সব সিন্ডিকেটবাজ বাংলা ছেড়ে পালাবে, আর কেউ ভাইপো-ট্যাক্স নিতে পারবে না,”—এই বার্তাও দেন তিনি। তাঁর মতে, সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই পরিস্থিতিতে ভুগছেন এবং এবার তারা পরিবর্তন চাইছেন।

অনুপ্রবেশ ইস্যুতেও সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, রাজ্যে অনুপ্রবেশকারীরা স্থানীয় যুবকদের চাকরি এবং গরিবদের রেশন কেড়ে নিচ্ছে। পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, তিনি অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছেন। শাহের দাবি, বিজেপি ক্ষমতায় এলে বাংলাকে অনুপ্রবেশমুক্ত করা হবে।

নারী নিরাপত্তা নিয়েও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন শাহ। তিনি বলেন, “একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদের নিরাপত্তা দিতে পারেননি।” তাঁর অভিযোগ, রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মহিলাদের সন্ধ্যার পর বাইরে বেরোতে ভয় পেতে হয়। তবে বিজেপি ক্ষমতায় এলে সেই পরিস্থিতি বদলে যাবে বলেও আশ্বাস দেন তিনি। তাঁর বক্তব্য, “রাত ২টোর সময়ও কোনও মহিলা বাইরে বেরোলে কেউ চোখ তুলে তাকাতে পারবে না।”

আরও পড়ুনঃ দিনের পর দিন বাড়ছে তাপপ্রবাহ, ‘সুপার এল নিনো’-র প্রভাবে কি পৃথিবী এগোচ্ছে ভয়াবহ খরা, দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের দিকে?

এছাড়াও শিল্প ও কর্মসংস্থান প্রসঙ্গেও তৃণমূলকে আক্রমণ করেন শাহ। তিনি বলেন, হিন্দমোটরের মতো শিল্পাঞ্চলে একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে এবং নতুন শিল্প আসেনি। বিজেপি ক্ষমতায় এলে সেই সব কারখানা ফের চালু করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। দিনভর কর্মসূচির অংশ হিসেবে হিঙ্গলগঞ্জে সভা করার পর উত্তরপাড়ায় এই জনসভা করেন শাহ এবং পরে ব্যারাকপুরে রোড শো করার কথা রয়েছে। সব মিলিয়ে নির্বাচনের আগে বিজেপির প্রচারে আক্রমণাত্মক সুর আরও স্পষ্ট করে তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles