বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখে আর বাড়ি ফেরা হল না, নবমীর রাতে লরির ধাক্কায় মৃত ২ যুবক, আশঙ্কাজনক অবস্থায় ১

নবমীতে বন্ধুদের সঙ্গে হই হই করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। কিন্তু এটাই যে তাদের শেষ পুজো হতে চলেছে, তা ঘুণাক্ষরেও টের পান নি কেউ। আচমকাই লরির ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ গেল ২ যুবকের। গুরুতর জখম ১। পুজোর শেষ রাতে এমন এক দুর্ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘির টুঙ্গিদিঘি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, গতকাল, নবমীর রাতে টুঙ্গিদিঘি এলাকার জাতীয় সড়কের ফুটপাত ধরে ঠাকুর দেখে ফিরছিলেন চার বন্ধু। ঠিক সেই সময় দ্রুত গতিতে পিছন থেকে একটি পণ্যবাহী লরি আসে। আচমকাই সেই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে যায় আর সজোরে ধাক্কা দিয়ে পিষে দেয় দুই যুবককে। আর ধাক্কার জেরে রাস্তায় পড়ে যায় এক বন্ধু।

হঠাৎ চোখের নিমেষে এমন এক ভয়াবহ দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন আশেপাশের লোকজন। ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু শেষরক্ষা করা যায়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ যুবকের। অন্য এক যুবককে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসাধীন সেই যুবক। পুলিশ মৃত ২ যুবকের দেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

জানা গিয়েছে, পুলিশ সেই ঘাতক লরিটিকে আটক করেছে। মৃত এক যুবকের প্যান্টের পকেট থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল। জানা গিয়েছে, তার নাম কৈলাস সিংহ। বিহারের বলরামপুর থানার ক্ষয়রন গ্রামের বাসিন্দা সে। অন্য মৃত যুবকের পরিচয় এখনও মেলেনি। যে যুবক হাসপাতালে ভর্তি, সে করণদিঘির ভাগশালা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও অন্যান্য খবর