‘রিচার্জ করতে পারে না, ভিখারি কোথাকার’, গ্রাহককে ফোন করে অশালীন কথা জিও কাস্টমার কেয়ার প্রতিনিধির

কাস্টমার কেয়ার থেকে গ্রাহকের মোবাইলে ফোন আসে। নানান ধরণের অফারের কথা বলে থাকেন সেই কাস্টমার কেয়ারের প্রতিনিধিরা। এছাড়াও, গ্রাহককে সাহায্য করা বা তাদের নানান সমস্যার কথা শুনে তা সমাধান করাও কাস্টমার কেয়ারের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এবার এই কাস্টমার কেয়ারের প্রতিনিধিই গ্রাহকের সঙ্গে যে অশালীন ব্যবহার করলেন, তাতে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

জিও-র কাস্টমার কেয়ারের এক প্রতিনিধি ফোন করেন এক গ্রাহককে। তাঁর সিম কার্ড সম্পর্কে কোনও তথ্য দিতে ফোন করেছিলেন ওই প্রতিনিধি। ওই প্রতিনিধি ছিলেন হিন্দিভাষী। কিন্তু গ্রাহক বাঙালি হওয়ায় তিনি প্রতিনিধির কথা ঠিকভাবে বুঝতে পারেন নি আর বলেছিলেন যাতে কোনও বাংলাভাষী প্রতিনিধি তাঁর সঙ্গে কথা বলেন।

এরপর এক বাংলাভাষী প্রতিনিধি ওই গ্রাহককে ফোন করলে, ওই গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করেন জিও কাস্টমার কেয়ারের ওই প্রতিনিধি। তিনি প্রথমে গ্রাহককে জানান যে তাঁর যে সিমকার্ডটি রয়েছে, তা বন্ধ হয়ে যাবে রিচার্জ না করার জন্য। সেটা জানানোর জন্যই ফোন করা হয়েছে গ্রাহককে।

এরপরই ওই প্রতিনিধি গ্রাহককে বলেন যে রিচার্জ করার টাকা নেই, ফোন ব্যবহার করছেন কেন তিনি। এমনকি, গ্রাহককে ভিখারি বলেও অপমান করেন ওই প্রতিনিধি। ওই গ্রাহক যখন বলেন যে কেন তাঁকে প্রথমে বাংলাভাষী প্রতিনিধির সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি, সেই সময়ও তাঁকে নানানভাবে অপমান করতে থাকেন অভিযুক্ত প্রতিনিধি।

ওই প্রতিনিধি গ্রাহককে বলেন, “যে খুশি ফোন করবে। আপনার হিন্দি বুঝতে এত সমস্যা? হিন্দি সিনেমা দেখেন না? পাকিস্তানি নাকি উর্দুভাষী আপনি”? গ্রাহককে এমন ভাষাতেই আক্রমণ করতে থাকেন ওই কাস্টমার কেয়ার প্রতিনিধি। তিনি গ্রাহককে এও বলেন, “টাকা না থাকলে আমাদের অফিসে চলে আসুন। ফ্রি-তে রিচার্জ হয়ে যাবে, কোনও টাকা লাগবে না”।

এমন অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায় (যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)। জিও-র কাস্টমার কেয়ার প্রতিনিধির এমন ব্যবহার শুনে জিও নেটওয়ার্কের বিরোধিতা করছে নেটিজেনরা। এমনকি, জিও নেটওয়ার্ক বয়কটের ডাকও উঠেছে। সকলের প্রশ্ন, বাংলায় থেকে হিন্দি ভাষা বলতে বা বুঝতে না পারলে কী তাঁকে পাকিস্তানি বা উর্দুভাষী বলা যায়?

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles