এবার দ্বাদশ শ্রেণীতে ভালো ফল করলেই সরকারের তরফে মিলবে স্কুটার। মেধাবী ছাত্রছাত্রীদের এবার স্কুটার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। সূত্রের খবর, দ্বাদশ শ্রেণীতে পাশ করা ৩৫ হাজার ৭৭৭ জন পড়ুয়াকে স্কুটার দেওয়া হবে সরকারের তরফে। গত বুধবার এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, আগামী ৩০শে নভেম্বর ওই ৩৫ হাজার ছাত্রছাত্রীকে স্কুটার দেবে সরকার। বাণীকান্ত কাকাতি পুরস্কার স্কিমের অধীনে এই পুরস্কার দেওয়া হবে বলে জানাল অসম সরকার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে মন্ত্রিসভায় এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় যে সমস্ত ছাত্ররা ৭৫ শতাংশ বা এর বেশি নম্বর পেয়েছে আর যেসমস্ত ছাত্রীরা ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে, তাদেরই এই স্কুটার দেবে অসম সরকার। সেক্ষেত্রে ছাত্র সংখ্যা ৫ হাজার ৫৬৬ ও ছাত্রী সংখ্যা ৩০ হাজার ২০৯।
এই বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে অসমের পর্যটনমন্ত্রী জয়ন্ত মাল্লা বারুয়া বলেছেন, “দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৩৫ হাজার ৭৭৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে স্কুটার দেবে অসম সরকার। ৩০ নভেম্বর এই স্কুটার বিতরণ অনুষ্ঠান হবে”।
শুধুমাত্র স্কুটার দেওয়াই নয়, দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া ২৭ হাজার ১৮৩ জন পড়ুয়াদের ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্যও করবে অসম সরকার, এমনটাও জানা গিয়েছে। অসমের পর্যটনমন্ত্রী জানান, আগামী ২৯শে নভেম্বর আনুন্দরম বড়ুয়া পুরস্কার প্রকল্পের অধীনে এই আর্থিক সাহায্য দেওয়া হবে পড়ুয়াদের।





