রাজ্যের নানান অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে মাঝেমধ্যেই নানান অভিযোগ ওঠে। কোনও সময় মিড ডে মিলের রান্নায় পোকামাকড় মেলে তো কখনও আবার নিম্নমানের কজাবার দেওয়ার অভিযোগ ওঠে। এবার সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে উঠল এক ভয়ঙ্কর অভিযোগ।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল চুরি করার চেষ্টার অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ির দিদিমণি ও রাঁধুনির বিরুদ্ধে। চাল চুরি করার চেষ্টা করার দিদিমণি ও রাঁধুনিকে প্রায় দু’ঘণ্টা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক ঘরে তালাবন্ধ করে রেখে দেন স্থানীয়রা। এরপর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ঘটনাটি ঘটেছে গতকাল, মঙ্গলবার মালদহের চাঁচল ১ নম্বর ব্লকের বাকিপুর এলাকায়।
গ্রামবাসীদের অভিযোগ, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার চুরি হয়ে যায়। বাচ্চারা ঠিকভাবে খেতেই পায় না এখানে। মাঝেমধ্যেই এই বাকিপুর অঙ্গনওয়াড়িতে খাবার নিয়ে ঝামেলা হয় বলে জানান গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এই নিয়ে মাসে তিনবার চাল চুরির চেষ্টা করা হয়েছে।
গ্রামের এক মহিলার কথায়, “আজ হাতেনাতে ধরা পড়ে গিয়েছে। দু’জনেই ধরা পড়ে গিয়েছে। রাঁধুনিও ধরা পড়েছে, দিদিমণিও। দু’জনেরই শেয়ার আছে এখানে। আমরা এটার বিচার চাই”।
গ্রামবাসীদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এই একই অভিযোগ উঠে আসছে। তাদের কথায়, “বার বার বলার পরেও এরা নিজেদের সংশোধন করেননি। বাচ্চারা খেতে পায় না, খাবার বাইরে চলে যায়। সেই অভিযোগেই আজ তাঁদের আটকানো হয়েছে। আমরা মাঝেমধ্যেই অঙ্গনওয়াড়ি থেকে চাল বেরতে দেখি। এগুলি নিয়ে গিয়ে বাইরে বিক্রি করে দেয়, নাকি বাড়িতে নিয়ে যায়, সেটি তারাই জানে”।
যদিও গ্রামবাসীদের এই অভিযোগ পুরোপুরি মিথ্যে বলে দাবী করেন অভিযুক্ত শিক্ষিকা। এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় আপাতত এই ঘটনার মীমাংসা হয়েছে বলে জানা গিয়েছে।





