আত্মনির্ভর ভারত গড়ার জন্য নানান সময় নানান বার্তা দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দীপাবলির মুখে ফের ‘ভোকাল ফর লোকাল’-এর মন্ত্র দিলেন তিনি। শুরু হল এক বিশেষ ক্যাম্পেন। আর এই ক্যাম্পেনের মুখ হলেন বিখ্যাত হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ অনুপমা অর্থাৎ রূপালী গঙ্গোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই বিশেষ ভিডিও শেয়ার করেছেন খোদ নরেন্দ্র মোদী।
এর আগে ১০৫ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদী বলেছেন, “প্রত্যেক বছরের মতো এবারও ভোকাল ফর লোকাল অগ্রাধিকার পাক। আমরা একসঙ্গে আমাদের সেই স্বপ্নকে পূরণ করব। আমাদের ‘আত্মনির্ভর ভারত’ গড়ার স্বপ্ন। ভারত এই মুহূর্তে বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদন হাব হয়ে উঠেছে”। সকলকে স্থানীয় পণ্য ক্রয় করা ও ব্যবহার করার বার্তা দেন প্রধানমন্ত্রী।
এবারের এই ‘ভোকাল ফর লোকাল’ ক্যাম্পেনের মুখ হলে রূপালী গঙ্গোপাধ্যায়। তাঁর অভিনীত চরিত্র অনুপমা হয়েই এই বিশেষ ক্যাম্পেনের প্রচার করেছেন তিনি। সঙ্গে ওই ধারাবাহিকেরই নায়ক গৌরব। ক্যাম্পেনের জন্য একটি ভিডিও শেয়ার করা হয়েছে যা এই মুহূর্তে সকলের বেশ প্রিয় হয়ে উঠেছে।
এই বিশেষ ক্যাম্পেনের ভিডিওতে রূপালীকে দেখা গিয়েছে স্থানীয় নানান পণ্য কেনা ও ব্যবহার করার উপর জোর দিতে। দীপাবলি উপলক্ষ্যে নানান জিনিস যেমন জামাকাপড় থেকে শুরু করে, জুতো, প্রদীপ ঘর সাজানোর নানান সামগ্রী সবকিছু স্থানীয় বিক্রেতাদের থেকে কেনার কথাই বলা হয়েছে এই ভিডিওর মাধ্যমে।
এই ভিডিওর শেষে একটি বিশেষ বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, স্থানীয় বিক্রেতাদের থেকে পণ্য কেনার সময় তাদের সঙ্গে একটি সেলফি তুলতে। তারপর নমো অ্যাপে ‘মেক ইন ইন্ডিয়া’র ফোনের মাধ্যমে সেই ছবি আপলোড করতে বলেন মোদী। সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এই পণ্য কেনার জন্য UPI পেমেন্ট করার কথাও বলেছেন মোদী। এভাবে ভোকাল ফর লোকালের সঙ্গে ‘ডিজিটাল ইন্ডিয়া’কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।





