কালীপুজোর দিন এল বড় দুঃসংবাদ। ধাক্কা তৃণমূলে। এদিন সকালেই প্রয়াত হলেন কলকাতা পুরসভার কাউন্সিলর রাম পেয়ারে রাম। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত সপ্তাহে তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ, রবিবার বেলা ১১টা ৪০ মিনিট নাগাদ সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূল নেতা।
রাম পেয়ারে রাম কলকাতা পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। টানা ১১ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের আগে পর্যন্ত কংগ্রেসের সঙ্গে ছিলন তিনি। পরবর্তীতে দলের সঙ্গে বিবাদের জেরে তৃণমূলে যোগ দেন।
২০১১ সাল পর্যন্ত টানা ৬ বার বিধায়কও হয়েছিলেন রাম পেয়ারে রাম। প্রথমে কবিতীর্থ ও পরে বন্দর এলাকার বিধায়ক হন তিনি। এরপর স্ত্রী হেমা রামকে নিয়ে দল বদল করেন। তারপর থেকে বন্দর এলাকার ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন রাম পেয়ারে রাম।
কাউন্সিলরের পরিবার সূত্রে খবর, অনেকদিন ধরেই শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছিলেন রাম পেয়ারে রাম। গত সোমবার থেকে তাঁর শ্বাসকষ্ট বাড়ে। বুকে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল বলে জানা যায়। সেই সময় কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। আজ, রবিবার বেলায় মৃত্যু হয় তাঁর।






