বজায় রইল প্রথা, এবারের দীপাবলিও সেনাদের সঙ্গেই কাটালেন মোদী, এবার কোথায় গেলেন প্রধানমন্ত্রী?

আজ দীপাবলি। গোটা দেশ মেতেছে আলোর উৎসবে। দেশবাসী যখন আনন্দমুখর, সেই সময় সীমান্তে দেশবাসীকে রক্ষা করে চলেছে সেনাবাহিনী। প্রতি বছরই দীপাবলি সেনাবাহিনীর সঙ্গেই কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারও এর অন্যথা হল না। এই বছর সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি কাটানোর জন্য হিমাচল প্রদেশের লেপচায় গেলেন প্রধানমন্ত্রী।

আজ, রবিবার সকালেই দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাই! এই বিশেষ উৎসব সকলের জীবনে আনন্দ, সুখ-শান্তি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক, এই কামনাই করি”।

এর কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, “হিমাচল প্রদেশের লেপচায় পৌঁছালাম আমাদের বীর জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে”।

গত বছর কার্গিলে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ২০২১ সালের দীপাবলিতে জম্মু ও কাশ্মীরের নৌশেরা সেক্টরে গিয়েছিলেন নমো।

২০১৯ সালে রাজৌরি জেলা ও ২০১৮ সালে উত্তরাখণ্ডে দীপাবলি উৎসব পালন করেছিলেন মোদিী। আর এই বছর তিনি হিমাচল প্রদেশে। সেনার সঙ্গে দীপাবলি পালন করার সময় মোদীকে সেনারই পোশাক পরতে দেখা যায়। সেই রীতি মেনে এবারও তাঁর পরনে দেখা গিয়েছে সেনার জলপাই রঙের উর্দি।

RELATED Articles