গতকাল, সোমবারই কাকভোরে খু’ন হয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর। সেই ঘটনা নিয়ে কার্যত আগুন জ্বলছে জয়নগরে। এরই মধ্যে এবার সেই জেলারই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কাছে এল প্রাণনাশের হুমকি। এই নিয়ে ভাঙড় থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি।
কী ঘটেছে ঘটনাটি?
গতকাল, সোমবার ভোরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুটআউটে খু’ন হন তৃণমূল অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্কর। এরপরই এই খু’নে এক অভিযুক্তকে ধরে ফেলে তাকে পিটিয়ে খু’ন করে উত্তপ্ত জনতা। এরপর থেকেই ওই এলাকায় কার্যত আগুন জ্বলছে। সেই ঘটনার রেশের মধ্যেই এবার আরও এক তৃণমূল নেতার কাছে এল উড়ো ফোন।
তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে খু’ন করার হুমকি দিয়ে ফোন এসেছে এক অজ্ঞাত নম্বর থেকে। সেই নম্বর প্রকাশ্যে এনেছেন তিনি। বিধায়ককে হুমকি দিয়ে ফোনে বলা হয়েছে, “গতকাল খু’ন করেছি। তোকেও খুন করে দেব। ভাঙড় নয়তো ক্যানিংয়ে খুন করব। তৈরি থাকিস”।
যদিও এই ‘উড়ো’ হুমকি নিয়ে সামান্য বিচলিত নন বিধায়ক। শওকতের কথায়, “আমি শহিদ হতে ভয় পাই না”। তবে জানা গিয়েছে, এই হুমকি ফোনের কথা পুলিশ সুপারকে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। এই নিয়ে অভিযোগও দায়ের করেছেন তিনি।
এদিন আরাবুল ইসলামকে পাশে নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন শওকত মোল্লা। তিনি জানান, আজ, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ভাঙড়ে এক দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় তাঁর কাছে এক অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোন তুলতেই কদর্য ভাষায় গালিগালাজ করা হতে থাকে তাঁকে।
শওকত জানান, ফোনে তাক বলা হয় যে জয়নগরের নেতার মতো তাঁকেও খু’ন করা হবে। তিনি ইতিমধ্যেই এই নিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন। তবে কে, কেন এই হুমকি দিয়েছে, তা এখনও জানা যায়নি। পুলিশ এ নিয়ে তদন্ত করছে।






