রবিবার সকাল সকাল এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল কলকাতার বুকে। এক বিলাসবহুল গাড়ি বেপরোয়া গতি নিয়ে ধাক্কা মারে এক বাইকে। ছিটকে পড়েন বাইকে থাকা তিনজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বাইক আরোহীর। বাকি দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারা। গাড়ির চালককে আটক করেছে পুলিশ।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
জানা গিয়েছে, আজ, রবিবার সকালে ময়দান থেকে শরীরচর্চা করে ফিরছিলেন তিন যুবক। বাইকে ফিরছিলেন তারা। তিনজনের কারোর মাথাতেই হেলমেট ছিল না বলে খবর। সেই সময় খিদিরপুর থেকে এক বিলাসবহুল গাড়ি বেপরোয়া গতিতে এগিয়ে আসে। ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের কাছে ওই বাইকে ধাক্কা মারে গাড়িটি।
বাইকে থাকা তিনজনই ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়দান থানার পুলিশ। বাকি দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি বলে খবর।
বাইকটিকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করছিল গাড়িটি। তবে ট্র্যাফিক পুলিশের তৎপরতায় তা হয়নি কিড স্ট্রীটের কাছে গাড়িটিকে ধরে ফেলে পুলিশ। আটক করা হয় গাড়ির চালককে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এই ঘটনায় কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ জানান, “আচমকা একটা আওয়াজ শুনে ছুটে আসি। ছুটে এসে দেখি একটা বাইখ ভেঙেচুরে পড়ে আছে। পাশে তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাশ দিয়ে একটা চারচাকা বেরিয়ে গেল। যতদূর সম্ভব ওই ধাক্কা মেরেছে। কারণ ওর সামনে পিছনে আর গাড়ি ছিল না। আমরা দ্রুত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিই। একজজনের নাম জানা গিয়েছে। বাকি দু’জনের নাম এখনও জানা যায়নি। দু’টো মোবাইল উদ্ধার হয়েছে”।






