পিচের রাস্তা তৈরিতে উঠল দুর্নীতির অভিযোগ। বিক্ষোভ দেখিয়ে রাস্তা তৈরি বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। সদ্য তৈরি রাস্তা দিয়ে কোনও ট্রাক গেলে সঙ্গে সঙ্গে পিচ উঠে যাচ্ছে। এমনকি, বিক্ষোভ দেখাতে দেখাতে নিজেরাই হাত দিয়ে টেনে পিচ তুলে দেন এলাকাবাসীরা। এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের হুঁশিয়ারি, দুর্নীতিমুক্ত রাস্তা তৈরি না হলে তারা কাজ করতে দেবেন না।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
এমন ঘটনা ঘটেছে দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতে। সেই এলাকার দক্ষিণ চৌরাশি ফুটবল খেলার মাঠ থেকে শ্মশানঘাট পর্যন্ত পিচের রাস্তা তৈরি হচ্ছে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, এই রাস্তা তৈরি হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে। সদ্য তৈরি রাস্তার উপর দিয়ে কোনও ট্রাক গেলেই পিচ উঠে যাচ্ছে। এমনকি, গ্রামবাসীরাও হাত দিয়ে টেনে তুলে পিচ তুলে দেন।
এই ঘটনায় শাসক দলের দিকে আঙুল তুলেছেন বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তরুণকান্তি ঘোষ। তাঁর অভিযোগ, রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতের কনট্রাক্টররা চাপের মুখে পড়েছেন। যেসমস্ত কনট্রাক্টররা রাস্তা তৈরির বরাত নিচ্ছেন, তাদের থেকে তৃণমূলের নিচুতলা থেকে শুরু করে উঁচুতলার নেতারা কাটমানি নিচ্ছেন।
এর ফলে সমস্যায় কনট্রাক্টররা। কাটমানি দিতে গিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করছেন তারা। এর ফলে রাস্তার এমন হাল হচ্ছে। বিজেপি নেতার দাবী, তৃণমূলের রাজত্ব যতদিন চলবে, ততদিন এই ধরণের দুর্নীতি চলতেই থাকবে।
বিজেপি নেতার দাবী মানতে নারাজ তৃণমূল
বিজেপি নেতার এহেন অভিযোগ অস্বীকার করেছেন চৌরাশি গ্রাম পঞ্চায়েত প্রধান বাপ্পা মণ্ডল। তাঁর দাবী, এই রাস্তা তৈরি হচ্ছে জেলা পরিষদের তত্ত্বাবধানে। তিনি জানান, গ্রামবাসীরা যে অভিযোগ করেছেন, তা খতিয়ে দেখা হবে। বিজেপি নেতার মন্তব্যকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছেন তৃণমূল প্রধান। তাঁর স্পষ্ট বক্তব্য, এই রাস্তা তৈরিতে কোনও দুর্নীতি হচ্ছে না।





