‘বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্বাচনে দাঁড়ান, মুখ্যমন্ত্রী হন’, চাইছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী

নানান সময় নানান মামলার পর্যবেক্ষণ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাধারণ মানুষের কাছে তো তিনি ভগবানসম যার কাছ থেকে ন্যায় বিচার মেলে। শাসক দল তৃণমূলকে বারবার নানান মামলায় কটাক্ষ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি চান বিচারপতি গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মুখ হয়ে নির্বাচনে দাঁড়ান।

ঠিক কী বলেছেন অধীর চৌধুরী?

আজ, শনিবার বহরমপুরে একটি সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এই বৈঠকে তিনি বলেন, “আমরা চাইব আগামী দিনে এই বাংলায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। কারণ মানুষ তাঁকে বিশ্বাস করছে। ভরসা করছে। এটা এক নতুন দিগন্ত তৈরি হবে যদি এই সমস্ত ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাদের রাজ্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়”।

অধীর চৌধুরী এও বলেন, এমন কোনও নির্বাচন যদি হয়, তাহলে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য আগে গিয়ে লাইনে দাঁড়াবেন। তিনি বলেন, “বাংলার মানুষ তাঁকে বিশ্বাস করছে, ভরসা রাখছে। যদি এইসব ব্যক্তিত্বকে রাজনীতির ময়দানে এনে তাঁদের রাজ্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তাহলে একটি নতুন দিগন্ত হবে। এটা আমার ব্যক্তিগত মতামত জানালাম”।

এদিন অধীর চৌধুরী যখন এমন মন্তব্য করেন, সেই সময় ওই জেলাতেই ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার সকালেই হাজারদুয়ারী এক্সপ্রেসে চেপে বহরমপুর যান তিনি। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যানসার কেয়ার ইউনিটের উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেখানে অধীর চৌধুরীর এহেন মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করা হল, তিনি কোনও উত্তর দিতে রাজি হন নি।

অধীরের মন্তব্য নিয়ে শুরু রাজনৈতিক তরজা

তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে অধীর চৌধুরীর এই মন্তব্যের পরই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই বিষয়ে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন, “যদি অভিজিৎবাবু বিজেপি’র হয়ে দাঁড়ান, অধীরবাবু বিজেপিকে ভোট দেবেন তো! বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে আঁতাত করে বহরমপুরের আসন ছেড়ে দিয়েছেন তিনি। এবার লোকসভা ভোটেও তিনি বিজেপির সঙ্গে আঁতাত করতে চাইছেন”।

আরও অন্যান্য খবর