জন্মের পরই মৃত্যু পরপর ৪ সদ্যোজাতের, হাবড়ার নার্সিং হোম বন্ধ করে দিল স্বাস্থ্য দফতর

জন্মের পরই একের পর এক শিশুর মৃত্যুর ঘটনা বেসরকারি নার্সিং হোমে। জেলা স্বাস্থ্য দফতরের নজরেই ছিল হাবড়ার ওই বেসরকারি নার্সিং হোম। এবার সেই নার্সিং হোম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। কী কারণে এভাবে একের পএ এক শিশুর মৃত্যু ঘটল, তা এখনও জানা যায়নি।

জানা গিয়েছে, গত নভেম্বর মাসে হাবড়ার এই বেসরকারি নার্সিং হোমে প্রায় একই সময়ে জন্ম হয় তিন শিশুর। জন্মের পর থেকেই অসুস্থ হয়ে পড়ে তিন সদ্যোজাত। তাদের ফুলবাগান শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় তিনজনেরই। এরপর ওই নার্সিং হোমে আরও এক শিশুর জন্ম হলে সেও অসুস্থ হয়ে পড়ে। তাকে কলকাতার বি সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

এই ঘটনায় হাবড়া থানায় লিখিত অভিযোগ জানায় মৃত শিশুর পরিবার। সেই খবর পৌঁছয় জেলা স্বাস্থ্য দফতরে। এরপরই আজ, বৃহস্পতিবার ওই নার্সিং হোম পরিদর্শনে যান স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। ওই শিশুদের জন্ম সংক্রান্ত সব নথি খতিয়ে দেখেন তারা। নার্সিং হোমের মালিক ও কর্মীদের সঙ্গে কথা বলেন।

সূত্রের খবর, এই নার্সিংহোমের বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ উঠেছিল। সেই সমস্ত অভিযোগগুলির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাওয়া হয় নার্সিংহোম কর্তৃপক্ষের থেকে। স্বাস্থ্য আধিকারিকদের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি তারা। সেই সমস্ত অভিযোগগুলি শুধরে নেওয়া হয়েছে কি না তা জানতে চেয়েছেন আধিকারিকরা। পরবর্তীতে নার্সিংহোম বন্ধের নোটিশ জারি করা হয়।

এই নোটিশ জারির পরই বন্ধ করে দেওয়া হয় ওই নার্সিং হোম। এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ মলয় রায় বলেন, “নির্দেশ অবশ্যই মানা হবে। বেশিরভাগ স্বাস্থ্য কর্মীদের বসিয়ে দেওয়া হয়েছে। যেদিন থেকে আবার বলবে চালু করতে সেদিন থেকে শুরু নার্সিংহোম চলবে”।

RELATED Articles