স্কুলের ফি দিতে পারে নি। সেই কারণে পরীক্ষায় বসতে দেওয়া হল না পড়ুয়াকে। শুধু তাই-ই নয়, ফি না দিতে পারার জন্য চতুর্থ শ্রেণীর ওই ছাত্রকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠল ওই বেসরকারি স্কুলের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।
কী ঘটেছে ঘটনাটি?
এমন নিন্দনীয় ঘটনা ঘটেছে তারকেশ্বর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের শরৎপল্লির এক বেসরকারি স্কুলে। জানা গিয়েছে, ওই স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে। গতকাল, বুধবার ছিল ভূগোল পরীক্ষা। সকাল সাড়ে ন’টা নাগাদ স্কুলে যায় চতুর্থ শ্রেণীর পড়ুয়া রণবীর সাউ। কিন্তু স্কুলের তরফে তাকে বলা হয় যে তার স্কুল ফি বাকি রয়েছে, তাই পরীক্ষা বসতে পারবে না সে।
শুধু তাই-ই নয়, এরপর ওই পড়ুয়াকে ঘাড় ধরে স্কুল থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। ওই স্কুলেরই দ্বিতীয় শ্রেণীতে পড়ে রণবীরের বোন আরশি সাউ। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে ওই পড়ুয়াকেও পরীক্ষা দিতে দেওয়া হবে না।
এমন ঘটনার খবর পেয়েই স্কুলে পৌঁছন তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু। চেয়ারম্যানের হস্তক্ষেপের জেরে পরীক্ষা নেওয়া হয় ওই পড়ুয়ার। তবে স্কুলের তরফে জানানো হয়েছে যে নিয়ম অনুযায়ী ফি দাবী করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ এও দাবী করেছে যে পড়ুয়াকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়নি। তার অভিভাবকদের ডাকা হয়েছিল মাত্র। ওই পড়ুয়া যাতে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই ঘটনায় পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু বলেন, “খবর পেয়ে স্কুলে আসি। ছাত্রটি যাতে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীকালে এই ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রাখা হবে”।





