দুর্যোগ কাটলেই শীতের ইনিংস শুরু কলকাতা-সহ গোটা রাজ্যে, জাঁকিয়ে শীত এবার উপভোগ করতে পারবে তো বঙ্গবাসী?

গতকাল, বুধবার সন্ধ্যে থেকেই শুরু হয়েছে। আজ, বৃহস্পতিবারও নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। অন্যদিকে, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে নিজের তাণ্ডবলীলা চালিয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম। বর্তমানে এই ঘূর্ণিঝড় অবস্থান করছে ছত্তিশগড়ে। এর প্রভাবে বঙ্গে এমন বৃষ্টি। এর জেরে বঙ্গ থেকে হাওয়া শীতের হিমেল পরশ। কবে রাজ্যে ফিরবে শীত, এখন সেই প্রশ্নই বঙ্গবাসীর মনে।

কী জানাচ্ছে হাওয়া অফিস?  

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে স্বমহিমায় ফিরবে শীতের আমেজ। তবে আজ, বৃহস্পতিবার দিনভর জেলায় জেলায় চলবে বৃষ্টি। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। তবে দিনভর সূর্য মেঘের আড়ালে লুকিয়ে থাকার কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। আগামীকাল, শুক্রবার থেকে থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। 

কোথায় কোথায় হবে বৃষ্টি?

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ, বৃহস্পতিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়ায়। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদহ ও উত্তর দিনাজপুরে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।

হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গে আজ, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। মালদহ ও দুই দিনাজপুরে বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী তিন-চার দিন উত্তরবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

তবে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। এই দুর্যোগ কাটলেই শনিবার থেকে তাপমাত্রা নামতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহে তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে। আগামী মঙ্গলবারের মধ্যে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস নামবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আজ, বৃহস্পতিবার সকালে কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৫৬ থেকে সর্বনিম্ন ৯০ শতাংশ। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles