চাকরির টোপে পা দিয়ে বড়সড় আর্থিক প্রতারণার শিকার হলেন যুবক। চাকরি পেতে সর্বস্ব খোয়ালেন। দফায় দফায় ওই যুবকের থেকে ২৪ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল সাইবার প্রতারকদের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন যুবক। তদন্ত শুরু করেছে পুলিশ।
বাংলায় দিনদিন বাড়ছে সাইবার ক্রাইম। সাইবার প্রতারকরা নতুন নতুন সব পন্থা বের করছে প্রতারণার জন্য। সেই ফাঁদে পা দিয়েই ২৪ লক্ষ টাকা খোয়ালেন কাঁথির করকুলির বাসিন্দা সায়ন্তন ঘোড়াই। অনলাইন চাকরির প্রস্তাবে সাড়া দিয়ে এমন ভোগান্তি হল যুবকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, ই-মেইল বার্তায় আসা চাকরির প্রস্তাবে সাড়া দিয়েছিলেন ওই যুবক। আর সেই ফাঁদে পা দিতেই সর্বস্ব খোয়া গেল তাঁর। দু’দিন আগে তমলুকের সাইবার ক্রাইম থানায় এই নিয়ে অভিযোগ করেন ওই যুবক। সেই অভিযোগের ভিত্তিতে নানান ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সূত্রপাত গত জুন মাসে শুরুর দিকে। জানা গিয়েছে, ওই প্রতারিত যুবকের কাছে সেই সময় মেইল আসে। চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে, এমনটাই অভিযোগ। তাতে সাড়া দিয়ে যুবক নিজের বায়োডাটা পাঠান। ই-মেল মারফত ভুয়ো অফার লেটার ও এগ্রিমেন্ট লেটার পৌঁছয় যুবকের কাছে।
এরপরই শুরু হয় টাকা হাতানো। স্টেট পারমিট, রেজিষ্ট্রেশন ফিস, ফাইল এন্ট্রি ফি, অথোরাইজেশন ফি, মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট সহ একাধিক কারন দেখিয়ে ওই যুবকের থেকে ২৪ লক্ষ ৫২ হাজার ৮৪৯ টাকা আদায় করে প্রতারকরা।
জানা গিয়েছে, ওই প্রতারিত যুবক গত ২৭ জুন থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ২৩ দফায় এই টাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত চাকরি পান নি তিনি। আর জমা দেওয়া টাকাও ফেরত পাননি বলে অভিযোগ। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। চলছে তদন্ত।






