বঙ্গে ঝোড়ো ব্যাটিং শুরু শীতের, বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট, ১৫ ডিগ্রির ঘরে নামল কলকাতার তাপমাত্রা

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পড়তেই স্বমেজাজে ফিরেছে শীত। চলছে শীতের ঝোড়ো ব্যাটিং। উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে। গতকাল, রবিবার থেকে বেশ নেমেছিল তাপমাত্রা। আর আজ, সোমবার কলকাতার তাপমাত্রা নেমে গেল ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা এই মরশুমে এই প্রথম।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্র ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। জানা গিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ থাকবে পরিষ্কার। উঠবে রোদ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। এর ফলে আগামী দুদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আগামী দু’দিনে দিনের তাপমাত্রাও বেশ কমবে। ঠান্ডার পাশাপাশি কুয়াশার দাপটও চলবে।

হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শীতের ইনিংস চলবে। ধীরে ধীরে ঠান্ডা বাড়বে। আবার আজ, সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ে ফের তুষারপাত হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদহে আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুষ্কই থাকবে।

হাওয়া অফিস সূত্রে খবর, শুধুমাত্র সোমবারই নয়, আগামী কয়েকদিনই উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি বা তুষারপাত হতে পারে। এর জেরে ডিসেম্বরেই মাঝামাঝি সময়েই পর্যটকরা পাহাড়ে চুটিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন। ক্রিসমাসের আগেই একেবারে দার্জিলিং জমজমাট হতে চলেছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles