‘জ্যোতিপ্রিয়র সঙ্গে দার্জিলিং বেড়াতে যায় আমার স্ত্রী, মানসিক নির্যাতন চালায় আমার উপর’, বিস্ফোরক তৃণমূল কাউন্সিলরের স্বামী

কিছুমাস আগেই রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এখনও হেফাজতে রয়েছেন তিনি। তবে শারীরিক অসুস্থতার জন্য আপাতত এসএসকেএমে ভর্তি বালু। এবার তাঁর বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ আনলেন বিধাননগর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের স্বামী জয়ব্রত বন্দ্যোপাধ্যায়।    

জয়ব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে তাঁর স্ত্রী নন্দিনীর। আর সেই কারণে তাঁর উপর মানসিক নির্যাতন করেন তাঁর স্ত্রী। স্ত্রীর এমন নির্যাতন সহ্য করতে পারছেন না বলে জানান জয়ব্রত। স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছেন তিনি।

ঠিক কী বললেন জয়ব্রত?

সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়ব্রতকে বলতে শোনা যায়, “১৯৯৪ সালে আমাদের বিয়ে হয়। ২০১৭ সালে আমার হার্ট অ্যাটাক হয়। তার পর থেকে বাগুইআটির বাড়ি ছেড়ে কল্যাণীতে থাকতে শুরু করি। তখন থেকেই নন্দিনীর সঙ্গে জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠতা বাড়ে। যখন তখন আমাদের বাড়িতে যাতায়াত শুরু করেন তিনি। পরিস্থিতি এমন হয় যে নিজের স্ত্রীর সঙ্গে আমিই কথা বলার সুযোগ পেতাম না”।

তিনি জানান, ২০১৭ সালে নাকি নন্দিনী দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে। এরপর ২০২১ সালে নন্দিনী পুরসভা নির্বাচনের টিকিট পান। ভোটে জিতেছিলেন তিনি। জয়ব্রতবাবুর কথায়, এরপর থেকেই নন্দিনীর চালচলন বদলে যায়। নানান নিত্যনতুন জিনিসপত্র আসতে থাকে তাদের বাড়িতে। তিনি জানান, এরপর নতুন ফ্ল্যাট কিনে সেখানে চলে যান তাঁর স্ত্রী।

জয়ব্রতবাবুর কথায়, “ফ্ল্যাট কেনার টাকা কোথা থেকে পেলেন আমি জানি না। ফ্ল্যাট কোথায় কিনেছে তাও জানায়নি। গত সেপ্টেম্বরে অনেক খুঁজে আমি ওর ফ্ল্যাটে যাই। ও আমার সঙ্গে চরম দুর্ব্যবহার করে। এর পর শুনি আমার নামে থানায় অভিযোগ দায়ের করেছে”।

কী বক্তব্য নন্দিনী বন্দ্যোপাধ্যায়ের?

এই অভিযোগের সত্যতা নিয়ে কোনও মন্তব্য করেননি নন্দিনী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “জয়ব্রতর সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। ওর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। এর থেকে বেশি কিছু বলব না”।

RELATED Articles