প্রথম হিন্দু মন্দির তৈরি হল সুদূর আবু ধাবিতে, নতুন বছরেই মন্দিরের উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী মোদী

সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে তৈরি হয়েছে প্রথম হিন্দু মন্দির। সেই মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই মন্দিরের উদ্বোধনও হবে তাঁর হাত ধরেই। নতুন বছরেই সেই মন্দিরের উদ্বোধন করবেন তিনি। মন্দির কর্তৃপক্ষের তরফে পাঠানো আবু যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন মোদী।

কবে উদ্বোধন হবে এই মন্দিরের?

আগামী ১৪ই ফেব্রুয়ারি রয়েছে সরস্বতী পুজো অর্থাৎ বসন্ত পঞ্চমী। ওই মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, সেই পবিত্র দিনটিকেই মন্দিরের উদ্বোধনের জন্য বেছে নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। সকালে মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা হবে। আর সন্ধ্যেবেলা হবে একটি বিশেষ অনুষ্ঠান। এদিন সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী।

প্রসঙ্গত, ২০১৮ সালে এই মন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। মালা ও গেরুয়া শাল পরানো হয়েছিল তাঁকে। অশ্বিনীকুমার চৌবে-সহ ইন্ডিয়া পিপলস ফোরাম দুবাইয়ের প্রতিনিধিরাও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০২০ সাল থেকে এই মন্দিরের নির্মাণের কাজ শুরু হয়। মোট ৫৫ হাজার বর্গমিটার জমিতে তৈরি হয়েছে এই মন্দির।

আবু ধাবিতে নির্মিত গঙ্গা, যমুনা ও সরস্বতীর কাল্পনিক সঙ্গমস্থলেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। আর এটিই এই মন্দিরের বিশেষত্ব। এটি সংযুক্ত আরব আমিরশাহীর প্রথম হিন্দু মন্দির। ১৪ ফেব্রুয়ারি উদ্বোধন হলেও সর্বসাধারণের জন্য মন্দিরের দ্বার খুলবে আগামী ১৮ ফেব্রুয়ারি।  

আরও অন্যান্য খবর