‘মমতা না থাকলে বাংলা ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে যাবে’, বছরের শুরুতেই বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে সুদীপ

কিছুদিন আগেই বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল, “মমতা বন্দ্যোপাধ্যায়ই দলের প্রথম মুখ ও একমাত্র মুখ’। এবার তাঁর সেই মন্তব্যের আরও এক ধাপ এগিয়ে আরও এক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সেই মন্তব্য এখন সৃষ্টি করল এক বিতর্কের।

কী এমন বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়?

আজ, সোমবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তৃণমূল সাংসদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবেন না, বাংলা ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গিয়ে, মায়ের দুধ খাওয়ার জন্য় পাশ থেকে চেষ্টা করবে। দেশে রাজনীতির যে পরিবেশ রয়েছে, তাতে বাংলাকে সবসময়ই আলোচনার প্রথমে রাখতে হয়। কারণ, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আছেন”।

এমনকি, মমতার অনুপস্থিতিতে বাংলার অবস্থা ‘ছাগলের তৃতীয় সন্তানের’ মতো হয়ে যাওয়ার আশঙ্কা শোনা যায় বর্ষীয়ান সাংসদের গলায়। সঙ্গে এও বললেন, “তখন মায়ের দুধ খাওয়ার জন্য পাশ থেকে চেষ্টা করলেও, পাবে কি না জানি না। খুব সাবধানে থাকতে হবে”।

প্রসঙ্গত, জাতীয় রাজনীতিতে বিরোধীদের ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধীদের একজোট করতে তাঁর ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। জাতীয় রাজনীতিতে তৃণমূল সুপ্রিমোর গুরুত্ব বোঝানোর সময়েই এহেন মন্তব্য করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তেমনটাই মাই রাজনৈতিক মহলের একাংশের।

সুদীপের মন্তব্যে তোপ বিজেপির

সুদীপের এহেন মন্তব্যের প্রেক্ষিতে সমালোচনা করতে ছাড়েন নি বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “বাংলাকে ছাগলের সন্তানের পর্যায়ে নামিয়ে আনা, একমাত্র তৃণমূলের পক্ষেই সম্ভব। বাংলা বহু চর্চিত। সব প্রদেশ অপেক্ষায় আছে, কখন পরিযায়ী শ্রমিক পাবে। কর্নাটক অপেক্ষায় আছে, কখন মেধা তাদের কাছে যাবে। অন্যান্য রাজ্যগুলিও অপেক্ষায় আছে, কখন বাংলা থেকে পুঁজি সরে তাঁদের রাজ্যে ঢুকবে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বা না থাকলে, বাংলার রাজনীতির কোনও মৌলিক পরিবর্তন হবে বলে মানুষ বিশ্বাস করে না”।

আরও অন্যান্য খবর