ভয়াবহ আগুন শ্রীরামপুরের জুটমিলে, জ্বলছে দাউ দাউ করে, বছরের প্রথম দিনেই ভয়ানক বিপত্তি রাজ্যে

বছরের প্রথমদিনেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বিধ্বংসী আগুন লাগে শ্রীরামপুরের ওয়েলিংটন জুটমিলের হান্ড্রেড ইউনিটে। দাউ দাউ করে জ্বলছে ইউনিটটি। এর জেরে আশেপাশে আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে স্থানীয়রা। দমকলের ৮টি ইঞ্জিন আনা হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে।

ওয়েলিংটন জুটমিলের এই হান্ড্রেড ইউনিটে পাট থেকে সুতো তৈরি করা হয়। শ্রমিকরা জানান, আজ, সোমবার প্রথমে ওই ইউনিটের একটি মেশিনে আগুন লেগে যায়। যেহেতু জুটমিল, সেই কারণে প্রচুর দাহ্য বস্তু থাকে এখানে। এর ফলে আগুন বিধ্বংসী চেহারা নিতে বেশি সময় লাগে নি। নিমেষে ছড়িয়ে পড়ে তা।

সেই সময় ওই ইউনিটে অনেক শ্রমিক কাজ করছিলেন বলে জানা গিয়েছে। আগুন দেখেই তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে যান। প্রথমে দমকলের ৪টি ইঞ্জিন আসে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়না। জলের অভাবে সমস্যা হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এরপর একে একে আরও ৪টি দমকলের ইঞ্জিন আসে। আপাতত দমকলের ৮টি ইঞ্জিন কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।  

জুটমিলের এক কর্মী জানান, “আমিও ডিউটিতে ছিলাম। হঠাৎ একটা মেশিনে দেখি আগুন লেগে গিয়েছে। সঙ্গে সঙ্গে দমকলের লোক আসে। তবে ওদের জল ছিল না। সে কারণেই আগুন ধেয়ে আসে একেবারে। প্রায় ৩০০-৩৫০ কর্মী কাজ করছিলেন। তাঁরা বেরিয়ে আসতে সক্ষম হন। তবে চট, সুতো সব জ্বলে গিয়েছে। মিল আর চলবে না, সব শেষ”।

RELATED Articles