‘অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে লড়ে দেখান দেখি’, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ কুণালের

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লড়াই চলছেই। গতকাল, সোমবারও বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে আসে? তাঁর সম্পত্তির খতিয়ান সোশ্যাল মিডিয়ায় হলফনামা পেশ করে জানাতে পারবেন কী অভিষেক? সেই প্রশ্নও তুলেছিলেন। এরপরই তৃণমূল তথা কুণাল ঘোষের তরফে একটি চ্যালেঞ্জ এল বিচারপতির কাছে।  

কী চ্যালেঞ্জ জানানো হল?

এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অনেক কথাই বলেছেন বিচারপতি। এবার তাঁর সম্পত্তির খতিয়ান চাইতেন ক্ষোভ বর্ষণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “যদি অভিষেকের সম্পত্তি নিয়ে এত কৌতুহল, তাহলে তাঁর হলফনামাগুলো দেখে নিন না। ওখানেই তো সব পেয়ে যাবেন। আপনার এত কৌতূহল থাকলে বিচারপতির পদ ছেড়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারেই প্রার্থী হোন, অভিষেকের বিরুদ্ধে লড়ে দেখান”।

কুণালের কথায়, “আপনার তো এবার শেষ বছর। এবছরই অবসর। তা আপনি স্বেচ্ছা অবসর নিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার  থেকেই অভিষেকের বিরুদ্ধে বিরোধী কোনও একটা দল থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করুন। অভিষেক সম্পর্কে আপনার নিজের ধারণা খারাপ নয়। কেউ কেউ তাঁর বিরুদ্ধে বলে আপনার মাথায় বিষ ঢোকাচ্ছে”।

গতকাল, সোমবার শুনানি চলাকালীন সওয়াল-জবাব করার সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “ভগবান বৃদ্ধ হয়েছেন, গোলযোগ সইতে পারেন না”।

তাঁর সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার কুণাল ঘোষ বললেন, “বাংলায় একটা প্রবাদ আছে – দশ চক্রে ভগবান ভূত। এই ভগবানের মায়াজালে আপনি জড়াবেন না। ওই বিজেপি, সিপিএম, কংগ্রেস মিলে আপনার মাথায় ভগবানের মায়া ঢোকাচ্ছে, আপনি ওতে জড়াবেন না। তাহলে ভগবানের ভূত হয়ে যাওয়ার পরিণতিও মেনে নিতে হবে”।

RELATED Articles