হাত দিয়ে টানলেই উঠে আসছে সদ্য তৈরি রাস্তা, ‘কাটমানি রোড’, অভিযোগ বিরোধীদের, প্রতিবাদ করলেই স্থানীয়দের শাসানি তৃণমূল নেতার

সদ্যই পিচের রাস্তা ঢালাই হয়েছে। কিন্তু সেই পিচের রাস্তা হাত দিয়ে টানলেই উঠে চলে আসছে। এই নিয়ে প্রতিবাদ করতে গেলে স্থানীয় তৃণমূল নেতার হুমকির মুখে পড়তে হয়েছে স্থানীয়দের। কাটমানি খেয়ে এই রাস্তা তৈরি হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।

কোথায় ঘটেছে এমন ঘটনা?

ঘটনাটি ঘটেছে গোঘাটের ভাদুর গ্রামপঞ্চায়েতে। জানা গিয়েছে, সেখানে ভাদুর ভীমতলা থেকে বালিকাকুণ্ড পর্যন্ত ৪.২৬ কিলোমিটার নতুন পিচ রাস্তা হচ্ছে। দিন তিনেক কাজ হয়েছে। কিন্তু অভিযোগ, এরই মধ্যে উঠে আসছে নতুন পিচের রাস্তা। স্থানীয়দের অভিযোগ, এই পিচের রাস্তায় পাথর মেশানো। সেই কারণেই এমন হাল। পিচ ঢালতে ঢালতেই উঠে আসছ রাস্তা।

এই রাস্তা তৈরির দায়িত্ব রয়েছে হুগলি জেলা পরিষদের উপর। ঠিকাদার সংস্থার ম্যানেজারের কথায়, পিচ জমতে সময় লাগবে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, গরমের সময় পিচ জমতে সময় লাগে। শীতকালে এমন সময় লাগছে কেন? এই নিয়ে অভিযোগ করলে স্থানীয় তৃণমূল নেতা গৌতম পাত্র নিজের দলবল নিয়ে এলাকাবাসীদের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ।

কী অভিযোগ গ্রামবাসীদের?  

এক গ্রামবাসী জানান, “অনেকদিন পর রাস্তা হচ্ছে গ্রামে। আমরা খুবই খুশি হয়েছিলাম। কিন্তু ২-৩ দিন কাজ করার পর দেখছি রাস্তায় হাত দিলেই পিচ উঠে আসছে। ২০০-৩০০ মিটারের কাজ হয়েছে। তার এই অবস্থা। পিচ বসতে এত সময় লাগে নাকি? আমরা কিন্তু ঠিকাদারকে বলি, পিচ ঢালার আগে যেসব জিনিস সেগুলি এত কম কেন দিচ্ছেন? তখন ঠিকাদার বলে ৫ বছরের গ্যারান্টি আছে। কিছুই হবে না। তিনদিনেই রাস্তার এ হাল পাঁচ বছর আর কী টিকবে”।

এই ঘটনায় ঠিকাদারের ম্যানেজার অরবিন্দ পাল বলেন, “পিচটা ৩ দিন আগে দেওয়া হয়েছে। একটু তো জমতে সময় দিতে হবে। সপ্তাহখানেক সময় তো লাগবেই। আর কেউ যদি কিছু দিয়ে খুঁড়ে দেয় তাহলে তো হবেই। গাড়ি চলছে। একটু সময় তো দিতেই হবে। আজ বসছে কাল উঠে আসছে বললে হয়। নিয়ম মেনেই কাজ হয়েছে”।

স্থানীয় তৃণমূল নেতা গৌতম পাত্র বলেন, “রাস্তা সম্পর্কে তো আমাদের কারও অভিজ্ঞতা নেই। আলোচনার মধ্যে দিয়ে সবটা মিটমাট করতে হবে। হঠকারিতা করতে গেলে দেখা যায় ঠিকাদাররা চলে গিয়েছে। রাস্তা বন্ধ হয়ে পড়ে আছে”।

ঘটনার নিন্দায় সরব বিজেপি

এই রাস্তাকে ‘কাটমানি রোড’ বলছে গেরুয়া শিবির। বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বলেন “সব জায়গায় এই কাজই হচ্ছে। জেলা পরিষদ রাস্তাগুলি করাচ্ছে। শাসকদল ঠিকাদারদের কাছ থেকে কাটমানি খাচ্ছে। আর এই নিম্নমানের রাস্তা হচ্ছে। মানুষ প্রতিবাদ করলে আবার তৃণমূলের লোকেরা ধমকাচ্ছে”।

RELATED Articles