রামমন্দির উদ্বোধনের দিন কলকাতায় পাল্টা ‘সংহতি যাত্রা’ মমতার, এই যাত্রা রুখতে হাইকোর্টে গেলেন শুভেন্দু

সংহতি মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিল আটকাতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি অয্যোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জিও জানান তিনি।

আগামী ২২ জানুয়ারি রয়েছে অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন। এদিনই আবার রাস্তায় নামতে চলেছে তৃণমূল। এদিন সর্বধর্ম সমন্বয়ের লক্ষ্যে কলকাতায় একটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতায় সংহতি যাত্রার ঘোষণা করেছেন তিনি। আর এই মিছিলকে নিয়েই শুরু হয়েছে নানান বিতর্ক।

বিজেপির দাবী, বিভাজন তৈরি করার জন্য এই যাত্রার আয়োজন করা হয়েছে। এই সংহতি যাত্রা যাতে পিছিয়ে দেওয়া হয়, সেই আর্জি জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। আগামীকাল, ১৮ জানুয়ারি বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কী দাবী বিজেপির?   

বিজেপির দাবী, তৃণমূল আদতে বিভাজনের রাজনীতি করছে। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “এত যুদ্ধের পর এই শুভদিন। সবাই এতে মেতে। তৃণমূল এর মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করছে”।

কী প্রতিক্রিয়া তৃণমূলের?

শুভেন্দুর এই হাইকোর্টে দ্বারস্থ হওয়া প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “যারা ধর্মের নামে বিষ ঢালতে চায় তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করছে। এই মিছিলের সঙ্গে রামমন্দিরের কোনও যোগ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আগেই বলে দিয়েছেন। ২২ তারিখে যে মিছিল হচ্ছে তার উদ্দেশ্য সংহতি ও সম্প্রীতি বজায় রাখা। শুভেন্দু সম্প্রীতি চায় না, তাই আদালতে গিয়েছেন”।

RELATED Articles