‘আর ৭টা বই লিখলেই দেরশোটা বই হয়ে যাবে, তাও কেউ আমার কথা বলে না’, বইমেলার উদ্বোধনে গিয়ে অভিমানী মমতা

আজ, বৃহস্পতিবার উদ্বোধন হল ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। এবারের বইমেলায় ৫টি বই প্রকাশিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই বইমেলাকে ঘিরেই তাঁর লেখালেখি। এবার তিনি বলেছিলেন, “বইমেলাকে কেন্দ্র করেই লিখি আমি। তাড়াহুড়োয়, ক্যাজুয়ালি লেখা। প্রুফ দেখারও টাইম পাইনি। ভুলত্রুটি মাফ করবেন”।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নিয়েই প্রকাশিত হয়েছিল তাঁর লেখা বই ‘কথাঞ্জলি’। তাঁর মন ও মুখের কথাই ফুটে উঠেছিল বইয়ের অক্ষরে অক্ষরে। এদিন বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আর মাত্র ৭টা বই লিখলেই ১৫০টি বই লেখা হয়ে যাবে তাঁর।   

২০১৯ সালের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তাঁর লেখা বই ১০০ পার করবে। এবারের বইমেলায় তিনি বললেন, “আমার কটা বই হয়েছে আজ পর্যন্ত আমি নিজেই জানি না। একশো তেতাল্লিশ হবে। সাতটা আগামী বছর করে দেব তাহলে দেড়শো হয়ে যাবে”। তিনি এও বলেন, রাস্তায় যেতে যেতে কখনও লিখতে ভালো লাগে, কিন্তু বেশি সময় পান না তিনি। 

এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালের বইমেলায় ৬টি বই প্রকাশিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই ৬টি বই মিলিয়ে তাঁর বইয়ের সংখ্যা হয় ১৩৩টি। ২০২৫ সালের মধ্যে সেই সংখ্যাটা ১৫০ হয়ে যাবে বলেই আশা মুখ্যমন্ত্রীর। তাঁর কয়েকটি বই যে বেস্টসেলার, তা তিনি নিজেই জানিয়েছেন।

এই বছরের বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বইগুলি প্রকাশিত হচ্ছে, তার মধ্যে একটি বিষয় হল বাংলার ঐতিহ্য। বাংলার নানান আচার-উপাচার নিয়ে লেখা হয়েছে এই বই। বিখ্যাত ব্যক্তিদের নিয়েও বই লিখেছেন এবার তিনি। তাঁর গত বছরের যে বইগুলি প্রকাশিত হয়েছিল, সেগুলি ছিল- লহ প্রণাম, স্যালুট, আমাদের দুর্গোৎসব ও আমাদের আওয়াজ।

তার আগের বছর বইমেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা যে বইগুলি প্রকাশিত হয়েছিল, সেগুলি হল- ‘নামাঞ্জলি সমগ্র’, ছোটদের ছড়ার বই ‘শিশুদোলা’, কবিতার বই ‘আমি’, উর্দু শায়েরি ‘ইনসাফ’, ইংরেজি কবিতার বই ‘মাইসেল্ফ’, নিজের রাজনৈতিক যাত্রা নিয়ে একটি হিন্দি বই, এবং প্রবন্ধ সঙ্কলন ‘বিপন্ন ভারত’।

RELATED Articles