জ্যোতিষশাস্ত্রেরই একটি শাখা হল সংখ্যাতত্ত্ব। এই সংখ্যাতত্ত্বের উপর নির্ভর করে কোনও ব্যক্তির স্বভাব, আচরণ ও তাঁর ভবিষ্যতের ব্যাপারে সম্যক ধারণা পাওয়া যায়। সংখ্যাতত্ত্বে এর জন্য ১ থেকে ৯ পর্যন্ত মূলাঙ্ক রয়েছে। কিন্তু কীভাবে নির্ণয় করা যায় এর মূলাঙ্ক?
কোনও ব্যক্তির জন্ম যদি হয় ১৭ তারিখে, তাহলে ওই ব্যক্তির মূলাঙ্ক হবে ১ ও ৭-এর যোগফল অর্থাৎ ৮। আবার কোনও ব্যক্তি যদি ১২ তারিখে জন্মগ্রহণ করেন, তাহলে সেই ব্যক্তির মূলাঙ্ক হবে ৩। এবার দেখে নেওয়া যাক মূলাঙ্ক অনুযায়ী কোন ব্যক্তির কোন পেশা বেছে নেওয়া শ্রেয়।
মূলাঙ্ক ১- মাসের ১, ১০ এবং ২৮ তারিখ জন্ম হলে মূলাঙ্ক হয় ১। এই মূলাঙ্কের জাতক-জাতিকারা পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিতে পারেন। তাঁদের হাতে ব্যবসা রয়েছে। তাছাড়া এই মূলাঙ্কের জাতক-জাতিকারা রাজনীতি ও ম্যানেজমেন্টেও সুনাম অর্জন করতে পারেন।
মূলাঙ্ক ২- মাসের ২, ১১ ও ২০ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের মূলাঙ্ক হয় ২। এই মূলাঙ্কের জাতক-জাতিকারা শিল্পকলায় পারদর্শী হন। সিনেমা, থিয়েটারে সুনাম অর্জন করতে পারেন তারা। এছাড়াও, আইন ও সমাজসেবার কাজেও এই মূলাঙ্কের ব্যক্তিরা খ্যাতি অর্জন করতে পারেন।
মূলাঙ্ক ৩- মাসের ৩, ১২ এবং ৩০ তারিখে জন্ম হলে ৩ মূলাঙ্ক হয়। এই মূলাঙ্কের জাতক-জাতিকারা সামাজিক কাজে দক্ষ। রাজনীতি, সমাজসেবা ও সরকারি চাকরিতে কেরিয়ার গড়তে পারেন এই মূলাঙ্কের জাতক-জাতিকারা। ব্যাঙ্ক ও অ্যাকাউন্টের কাজে পারদর্শী হন এরা।
মূলাঙ্ক ৪- মাসের ৪, ১৩, ২২ ও ৩১ তারিখে জন্ম হলে মূলাঙ্ক হয় ৪। এই মূলাঙ্কের জাতক-জাতিকারা ঝুঁকি নিতে ভালোবাসেন। ঝুঁকি রয়েছে এমন কোনও পেশা বেছে নিতে পারেন এই মূলাঙ্কের জাতক-জাতিকারা।
মূলাঙ্ক ৫- মাসের ৫, ১৪ এবং ২৩ তারিখে জন্ম হলে মূলাঙ্ক হয় ৫। এই মূলাঙ্কের জাতক-জাতিকারা শিক্ষা, কাউন্সেলিংয়ের মতো ক্ষেত্রগুলিতে সেরা হন। এ ছাড়া স্টক মার্কেটে ভাল কেরিয়ার গড়তে পারেন এই মূলাঙ্কের জাতক-জাতিকারা।
মূলাঙ্ক ৬- মাসের ৬, ১৫, ও ২৪ তারিখে জন্ম হলে মূলাঙ্ক হয় ৬। এই মূলাঙ্কের জাতক-জাতিকারা অভিনব জিনিসের ব্যবসা, বিনোদনের সঙ্গে জড়িত কোনও কাজ করলে খ্যাতি অর্জন করতে পারবেন।
মূলাঙ্ক ৭- ৭ মূলাঙ্ক হয় যদি মাসের ৭, ১৬ এবং ২৫ তারিখে জন্ম হয়। এই মূলাঙ্কের জাতক-জাতিকারা কাউন্সেলিং, অ্যাডভাইজরি, ট্রাভেল এজেন্ট, গবেষক, কনসালটেন্সির ক্ষেত্রে কাজ করলে সাফল্য পাবেন তুখড়।
মূলাঙ্ক ৮- মাসের ৮, ১৭ ও ২৬ তারিখে জন্মগ্রহণ করলে মূলাঙ্ক হয় ৮। এই মূলাঙ্কের জাতক-জাতিকারা লোহা, ইস্পাত, ধাতু, রিয়েল এস্টেট, স্থাপত্যে নিজের কেরিয়ার গড়তে পারেন।
মূলাঙ্ক ৯- মাসের ৯, ১৮ ও ২৭ তারিখে জন্মগ্রহণ করলে মূলাঙ্ক হয় ৯। খেলাধুলো, বিনোদন, সেনাবাহিনী, রাজনীতি এবং শিল্পকলা ইত্যাদির সঙ্গে সম্পর্কিত কেরিয়ার এই মূলাঙ্কের জাতক-জাতিকাদের জন্য সেরা।





