রাতের অন্ধকারে পুড়িয়ে ফেলা হচ্ছে গুরুত্বপূর্ণ নথি, উপাচার্য গ্রেফতার হওয়ার পর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে নথি পোড়ানোর ভিডিও টুইট করে অভিযোগ সুকান্তর

গতকাল শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। এর জেরে উত্তরবঙ্গের শিক্ষামহলে বেশ শোরগোল ছড়িয়েছে। উত্তরবঙ্গবাসীদের জন্য এটা একটা ‘কালো দিন’ বলে দাবী অনেকের। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University) চত্বরে কিছু নথি পোড়ানো হচ্ছে। সেই নথি আসলে কী, তা নিয়ে প্রশ্ন তুলে টুইট করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আগেই নাম জড়িয়েছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের। গতকাল, সোমবার তাঁকে গ্রেফতার করে সিবিআই। এই গ্রেফতারি রাজ্যের শিক্ষা মহলের কাছে একটি ‘কালো দিন’ বলে উল্লেখ করা হয়েছে শিক্ষাবিদ থেকে শুরু করে রাজনৈতিক মহলের তরফে। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণী থেকে শুরু করে নানান প্রাক্তন আধিকারিকরা উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন।

উপাচার্যের গ্রেফতারি প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেন, “লজ্জার দিন উত্তরবঙ্গের জন্য। এর পিছনে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সরাসরি মদত রয়েছে”। অন্যদিকে, এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ বলেন, “উত্তরবঙ্গের শিক্ষা জগতের জন্য একটি কালো দিন। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেফতার করতে হবে”।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতির তরফে অর্ধেন্দু মণ্ডল বলেন, “আমাদের লজ্জ্বায় মাথা নিচু হয়ে গিয়েছে। তার গ্রেফতারি খালি সময়ের অপেক্ষা ছিল। গোটা শিক্ষা জগতের কাছে এটি লজ্জ্বার দিন”। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার তাপস চট্টোপাধ্যায় বলেন, “এর আগে শিক্ষা জগতে কোনওদিন কোন উপাচার্য দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয় নি। সিবিআইয়ের হাতে উপাচার্যের গ্রেপ্তারির ঘটনা উত্তরের শিক্ষার জন্য কালো দিন”।  

এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। তাতে দেখা যায় যে রাতের অন্ধকারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে কিছু নথি জ্বালানো হচ্ছে। সেই ভিডিও টুইট করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রশ্ন করেন, “উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের অন্ধকারে নথি জ্বালাতে দেখা যাচ্ছে কিছু ব্যাক্তিকে এই নথি জ্বালানোর উদ্দেশ্য কী? কিসের তথ্য গোপন করতে কী কী নথি জ্বালিয়ে ফেলা হল? ঘটনার তদন্ত দাবী করছি”।  

https://twitter.com/DrSukantaBJP/status/1571865457342414849

এই বিষয়ে পাল্টা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিন সুভাষচন্দ্র রায় জানান, “এটা একেবারে উড়ো খবর। আমাদের বিশ্ববিদ্যালয়ের পুরানো কিছু ফেলে দেওয়া কাগজ পোড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ কোনও নথি নয়”।

RELATED Articles