আগামী ১৭ই জানুয়ারি ৩০ বছর পর কুম্ভ রাশিতে গোচর করছে শনি। কুম্ভ রাশিতে গোচরের কারণে এই গ্রহ তৈরি করবে শশ রাজযোগ। শনির এই রাশি পরিবর্তনের কারণে সমস্ত রাশির জাতক-জাতিকাদের উপর নানান প্রভাব পড়বে।
মিথুন ও তুলা রাশির ওপর শনির আড়াইয়ের প্রভাব শেষ হবে। আবার কর্কট ও বৃশ্চিক রাশির জাতকদের জীবনে হতে চলেছে আড়াইয়ের সূচনা। আবার ১৭ জানুয়ারির পর থেকে ধনু রাশির জাতক-জাতিকারা সাড়েসাতি থেকে মুক্তি পাবেন। অন্যদিকে, সাড়েসাতি শুরু হবে মীন রাশির জীবনে।
শনির এই গোচর নানাভাবে প্রত্যেককে প্রভাবিত করবে। শনির অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য শনির এই গোচরের আগেই কিছু পন্থা মেনে চলুন। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে জেনে নিন, কোন কোন উপায়ে শনিদেবকে শান্ত রাখা যায়-
শনি গোচরে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের লাভ
শনির অশুভ প্রভাব থেকে মুক্তির জন্য প্রতিদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। শিবের এই মন্ত্রের প্রভাবে শনির পাশাপাশি মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, ভূতৃ-প্রেত দোষ, সন্তান বাধা ইত্যাদি সমস্ত দোষের নাশ হয়। এই মৃত্যুর ফলে অকালমৃত্যুর ভয় দূর হয়। নিজে এই মন্ত্র জপ করতে না-পারলে কোনও যোগ্য ব্রাহ্মণকে দিয়ে এই মন্ত্র জপ করবেন।
শনির বৈদিক মন্ত্র জপ
শনিকে প্রসন্ন করার জন্য তাঁর বৈদিক মন্ত্র জপ করুন। এটি হল ওম শন্নো দেবী রভিষ্টয় আপো ভবন্তু পীপতয়ে শনয়ো রবিস্র বন্তুনঃ। এ ছাড়াও শনির বীজমন্ত্র জপ করতে পারেন। এই বীজ মন্ত্রটি হল ওম শং শনৈশ্চরায় নমঃ। এর পাশাপাশি শনি শান্তি পাঠ করাতে পারেন। শনির মন্ত্র পাঠ করার ফলে সাড়েসাতি ও আড়াইয়ের অশুভ প্রভাব কম হয়। পাশাপাশি শনি গোচরের ফলে শুভ ফলদায়ী পরিণাম লাভ করবেন। শনির বৈদিক মন্ত্রের সংখ্যা ২৩০০ হওয়া উচিত। কতদিনে এই মন্ত্র জপ পূর্ণ করবেন, তার সংকল্প করতে ভুলবেন না।
শনি অভিষেক
৩০ বছর পর পাকাপাকি ভাবে স্বরাশি কুম্ভে প্রবেশ করছে শনি। শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে শনিবার আশপাশের শনি মন্দিরে গিয়ে শনির প্রতিমায় সর্ষের তেল দিয়ে অভিষেক করুন। এর পর কালো তিল, খোসা-সহ বিউলি ডাল, নীল পোশাক, ফুল অর্পণ করুন। এই উপায়ে শনির দশার অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি শনির আশীর্বাদ পাবেন। এর ফলে নিজের দশায় শনি আপনাকে খুব বেশি কষ্ট দিতে পারবেন না। কঠিন সময়ে সহজেই কাটিয়ে উঠতে পারবেন।
তিল স্নান
শনির দশা, অন্তর্দশা ও গোচরে তিল স্নান করা অত্যন্ত শুভ ফলদায়ী। কুম্ভে রাশিতে গোচরের সময়ে মকর, কুম্ভ, মীন, কর্কট, বৃশ্চিক ও মিথুন রাশির জাতকরা জলে তিল মিশিয়ে স্নান করুন। পাশাপাশি কালো তিল দান করতে পারেন। এর প্রভাবে শনির সাড়েসাতি ও আড়াইয়ের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে। আবার শনির আশীর্বাদে এই দশায় খুব বেশি কষ্ট ভোগ করতে হবে না।
শনির গোচরের সময় কী দান করবেন?
শনির আশীর্বাদ থাকলে ব্যক্তি ভিখিরি থেকে রাজা হতে পারেন। শনির অশুভ প্রভাব কম করার জন্য শনি সংক্রান্ত দান করুন। কালো পোশাক, লোহা, তিল, চামড়া, কালো কম্বল ইত্যাদি দান করা উচিত। এর পাশাপাশি শনির পূজার্চনা করুন। শনি সংক্রান্ত জিনিস দান করলে কষ্ট ও সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শনিকে তুষ্ট রাখতে দরিদ্র, অসহায়, কুষ্ঠরোগীদের সেবা করুন।






