‘কলার ধরে জেলে ভরব’, নন্দীগ্রাম দিবসে শহিদ মঞ্চ থেকে শুভেন্দুকে লাগামছাড়া হুঁশিয়ারি কুণালের

নন্দীগ্রাম দিবসকে (Nandigram Diwas) ঘিরে রাজনৈতিক উত্তেজনার শেষ নেই। এদিন কাকভোরে মিছিল করে ভাঙাবেড়ায় শহিদ বেদিতে মাল্যদান করে তৃণমূল (TMC)। এদিন শহিদ স্মরণের মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কটাক্ষ শানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন যে নন্দীগ্রামের বিধায়ককে কলার ধরে জেলে ভরবেন।  

ঘড়ির কাঁটায় তখন সাড়ে চারটে। চারিদিক ঘন কুয়াশায় ঢাকা। সেই হাড়কাঁপানো ঠাণ্ডা উপেক্ষা করেই নন্দীগ্রাম দিবস ভাঙাবেড়া এলাকায় মোমবাতি মিছিল করে তৃণমূল। মাল্যদান করা হয় শহিদ স্মরণের বেদিতে। এদিন মিছিলে ছিলেন কুণাল ঘোষ, মন্ত্রী অখিল গিরি ও অন্যান্যরা। ২০০৭-এর নন্দীগ্রামে জমি আন্দোলনের ক্ষত এখনও দগদগে। সেই শহিদ স্মরণেই সামিল হল গ্রামবাসীরাও।

নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহিদ স্মরণ মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে তুমুল কটাক্ষ করেন কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, ঠিক সিপিএমের মতোই বিজেপির শুভেন্দু অধিকারীও মিথ্যা মামলায় ফাঁসানোর রাজনীতি করছেন।

কুণালের কথায়, “আগে সিপিএম সকলকে মিথ্যা মামলা দিয়েছে একের পর এক। সেই রাজনীতি আবার ফিরছে। বেইমান, গদ্দার শুভেন্দু সিবিআই, এনআইএ দেখিয়ে নিরাপরাধ তৃণমূল কর্মীদের, নিরাপরাধ নন্দীগ্রামবাসীকে জেলে ভরছে। ভগবান, আল্লাহ থাকলে একদিন কলার ধরে শুভেন্দুকে জেলে ভরব”।

‘কলার ধরে জেলে ভরব’, নন্দীগ্রাম দিবসে শহিদ মঞ্চ থেকে শুভেন্দুকে লাগামছাড়া হুঁশিয়ারি কুণালের

এদিন আরও একবার নারদা কাণ্ডের প্রসঙ্গ ফের শুভেন্দু অধিকারীকে গ্রেফতারির দাবীও তোলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।  কুণাল এমনও খোঁচা দেন যে গ্রেফতারি এড়াতে তৃণমূল ছেড়ে অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু।

এদিন শহিদ বেদিতে মাল্যদান করে বিজেপিও। সেই নিয়ে খোঁচা দিতে ছাড়েন নি কুণাল। বলেন,”নন্দীগ্রামে শহিদদের রক্ত দিয়ে কেরিয়ার গড়েছেন শুভেন্দু। তাই তাঁর শ্রদ্ধা জানানোর কোনও অধিকার নেই”।

উল্লেখ্য, এদিন শহিদ স্মরণের মঞ্চ থেকে নন্দীগ্রামবাসীকে সুখবর দেন কুণাল ঘোষ। জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার নন্দীগ্রাম ও হলদিয়া সংযোগকারী সেতু তৈরি হবে। এই সেতু তৈরির কাজ খুব দ্রুতই শুরু হয়ে যাবে বলে জানান কুণাল। স্বভাবতই এমন খবরে বেশ খুশি স্থানীয়রা।

RELATED Articles