১৫ মার্চ সকাল ৬টা ৩৪ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে সূর্য। সূর্যের এই গোচর মীন সংক্রান্তি নামে পরিচিত। মীন রাশিতে আগে থেকেই বৃহস্পতি উপস্থিত রয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে মীনে বৃহস্পতি ও সূর্যের সংযোগ হবে। এই দুই গ্রহের সংযোগের সময়েই মীনে প্রবেশ করবে বুধ। এই সূর্য গোচর নানান কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। উল্লেখ্য ১৫ মার্চ থেকে শুরু হবে খরমাস বা মলমাস।
উল্লেখ্য সূর্য যখন মীন রাশিতে বিচরণ করে তখন মলমাস হয়। সূর্য মীন থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করলেই মলমাস শেষ হবে। মলমাসের সময়ে কোনও শুভ কর্ম করা হয় না। সূর্যের মীন রাশিতে প্রবেশ সমস্ত রাশির জীবনে ভালো-মন্দ প্রভাব ফেলে। কিন্তু কয়েকটি রাশির জন্য এই গোচর মোটেও শুভ নয়।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
সিংহ রাশি
সূর্য মীন রাশিতে প্রবেশ করায় সিংহ রাশির জাতকদের হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যের প্রতি কোনও গাফিলতি করবেন না। রাগ নিয়ন্ত্রণে রাখুন। ভেবেচিন্তে কথা বলুন। তা না-হলে প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে পারেন এই রাশির জাতক। সিংহ রাশির বিবাহিত জাতকরা শ্বশুরবাড়ির তরফে সমস্যার শিকার হতে পারে। এ সময় সতর্ক থাকুন।
মেষ রাশি
সূর্য মীন রাশিতে প্রবেশ করার মেষ জাতকদের নিজের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। সূর্য আপনার স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করবে। এই সময়টি পারিবারিক জীবনেরও জন্যও বিশেষ ভালো নয়। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হবে, পরস্পরের মনে অহংকার দানা বাঁধবে। শুধু তাই নয়, সন্তানও স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারে। এ সময়ে নিজের স্বাস্থ্যে অধিক অর্থ ব্যয় করতে হবে মেষ রাশির জাতকদের। এই রাশির ছাত্র-ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে।
মকর রাশি
সূর্যের মীন সংক্রান্তির পর মকর রাশির জাতকরা বাবার স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। বাবার স্বাস্থ্যের প্রতি কোনও গাফিলতি করবেন না। আবার এ সময়ে ভাই-বোনের সঙ্গে সম্পর্কও নষ্ট হতে পারে। কর্মক্ষেত্রে বাণীতে নিয়ন্ত্রণ রাখুন। চিন্তাভাবনা করে কথা বলুন। হটকারিতায় এমন কিছু বলে ফেলবেন না যে পরে আপনাকে সমস্যায় ফেলে দেয়। রাগ নিয়ন্ত্রণে রাখুন। তা না-হলে অন্য়ান্যদের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে।
তুলা রাশি
সূর্যের মীনে গমনের পর তুলা রাশির জাতকদের অধিক সতর্ক হতে হবে। এ সময় যে ব্যক্তিকে নিজের বন্ধু মনে করে বিশ্বাস করবেন, সেই আপনাকে প্রতারিত করবে। মীন সংক্রান্তির সময়ে টাকা-পয়সার বিষয়ে অধিক সতর্ক হন। কারণ লোকসানের প্রবল আশঙ্কা রয়েছে। তাই কোনও অর্থ লগ্নি করবেন না। বাজেট তৈরি করে কাজ করুন, তা না-হলে অনটনে দিন কাটাতে হতে পারে।
কন্যা রাশি
মীন সংক্রান্তি এই রাশির জাতকদের জীবনে নেতিবাচক প্রভাব বিস্তার করবে। এ সময়ে দাম্পত্য জীবনে ওঠা-পড়ার মুখে পড়তে পারেন কন্যা রাশির জাতকরা। শুধু তাই নয়, জীবনসঙ্গীর সঙ্গে অনাবশ্যক বিবাদে জড়াতে পারেন আপনারা। তবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে এই রাশির জাতকদের। তা না-হলে তাঁরা অসুস্থ হয়ে পড়তে পারেন। এই মাসের মধ্যে আপনার মনে অহংকার আরও বাড়বে। উচ্চ রক্তচাপ ও মাইগ্রেন সংক্রান্ত স্বাস্থ্য সমস্যায় নাজেহাল হতে পারেন কন্যা রাশির জাতক-জাতিকারা।





