৭৫ তম স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ কলাকুশলীদের, গানের মাধ্যমে ঐক্যের বার্তা ৭৫ জন শিল্পীর

আজকের রাত পোহালেই ৭৫তম স্বাধীনতা দিবস। এদিন উপলক্ষ্যে নানান প্রান্তে নানান উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের উপলক্ষ্যে  এবার ঐক্যের  উদ্যোগ নিলেন বাংলার ৭৫ জন শিল্পী। চিরন্তন বন্দ্যোপাধ্যায় ও শুভদীপ চক্রবর্তীর মস্তিষ্কপ্রসূত এই উদ্যোগ। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভারত ভাগ্যবিধাতা’ গানটি এই ৭৫ জন শিল্পী একসঙ্গে গেয়েছেন।

মহান এই সঙ্গীত প্রয়াসে সামিল হয়েছেন উষা উত্থুপ, অনুপম রায়, ইমন চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, সোমলতা আচার্য, ইন্দ্রানী সেন, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়,সুরজিৎ, সিধু, জোজো-সহ নানান তরুণ প্রজন্মের সমস্ত সংগীতশিল্পীরা। জানা গিয়েহে এই গান গেয়েছেন মোট ৪০ জন সংগীত শিল্পী।

এছাড়াও এই গানের ভিডিওটিতে অংশ নিয়েছেন নানান অভিনেতা-অভিনেত্রীরাও, যেমন চিরঞ্জিত চক্রবর্তী, দেবশ্রী রায়, অনিন্দ্য পুলক ব্যানার্জী-সহ মোট ১০ জন অভিনেতা-অভিনেত্রী। এছাড়াও থাকছেন পরিচালক গৌতম ঘোষ। রয়েছেন নৃত্যশিল্পী থাঙ্কুমণি কুট্টি, তনুশ্রী শঙ্কর-সহ আরও ১০ নৃত্য শিল্পী।

এছাড়াও এই গানের অংশ নিয়েছেন বেশ কয়েকজন বাদ্যযন্ত্রশিল্পীও। এই উদ্যোগে সামিল হয়েছেন বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, সুমন্ত্র সেনগুপ্ত, প্রণতি ঠাকুর প্রমুখ। সংস্কৃতির ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে শিল্পীরা এই গানে কণ্ঠ মিলিয়েছেন। এই গানের সংগীত পরিচালনা করেছেন চিরন্তন।

এই বিষয়ে চিরন্তন বন্দ্যোপাধ্যায় এক সংবাদমাধ্যমে জানান যে প্রায় দু’মাস আগেই এই উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেন তিনি ও শুভদীপ। চিরন্তনের সঙ্গীত ও শুভদীপের ভাবনায় এই গানের মধ্যে দিয়ে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা প্রেরণ করা হয়েছে। করোনার এই অতিমারি পরিস্থিতির মধ্যেও আমাদের একসঙ্গে এগিয়ে চলতে হবে, এমনই বার্তা দেওয়া হয়েছে গানের মাধ্যমে। আড্ডাটাইমসে স্বাধীনতা দিবসের দিন এই ভিডিও প্রকাশিত হবে।

RELATED Articles