বেঁচে আছি আমি, ভিডিও বার্তা দিয়ে নিজের ভুয়ো মৃত্যুর গুজব ওড়ালেন চন্দন সেন

গুজব এ কত কিছুই না আজব ঘটে! এবার তার শিকার হলেন অভিনেতা চন্দন সেন। সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ গুজব ছড়িয়ে পড়েছিল যে অভিনেতা চন্দন সেনের জীবনাবসান হয়েছে। সেই পোস্ট দেখেই তাঁর অনুরাগীরা ফেসবুক ভরিয়ে তোলেন শোক বার্তায়। “আপনি নেই এটা বিশ্বাসই হচ্ছে না” ইত্যাদি মন্তব্য ভরে যায় নেট পাড়া। পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে শেষে মাঝরাতে চন্দনসেন কে নিজের সুস্থ অবস্থায় বেচে থাকার প্রমান দিতে একটি ভিডিও বার্তা পোস্ট করতে হয় ফেসবুকে!

ঠাট্টাচ্ছলে এই ভিডিওতে চন্দন সেনকে বলতে দেখা যায়, “নমস্কার আমি চন্দন সেন বলছি। যিনি আমার মৃত্যুর খবর রটিয়েছেন, তাঁকে প্রেতপুরীতে স্বাগত। কিছুক্ষণ আগে আমার মৃত্যুসংবাদ পাওয়া গিয়েছে। যিনি করেছেন তিনি রাতের ঘুমটার বারোটা বাজিয়ে খুব একটা ভাল কিছু করেননি। আবার দেখা হবে রাস্তায়, মিছিলে বা কোথাও একটা।”

প্রসঙ্গত অভিনেতা চন্দন সেন দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত। কিন্তু জীবন যুদ্ধ থেমে থাকার পাত্র তিনি নন। এই অভিনেতা চিরকাল লড়াই করে এসেছেন, সে নিজের জীবনেই হোক বা অভিনয় জগতে। ধারাবাহিকে কাজ করার পাশাপাশি নাট্যজগতের একটি উল্লেখযোগ্য নাম চন্দন সেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁকে দেখা যাওয়ায় তাঁর জনপ্রিয়তাও অনেকটাই।

গতকাল ফেসবুকে গোল বাঁধে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রের একটি পোস্টে। ডিওয়াইএফআইয়ের মুখপাত্র যুবশক্তি পত্রিকার দপ্তর সামলাতেন অন্য চন্দনবাবু। গত বছর তিনি প্রয়াত হন। তাঁর মৃত্যু দিনে তাকেই শ্রদ্ধা জানিয়ে ছিলেন সায়নদীপ। পোস্টের ছবিও যুবশক্তির চন্দনবাবুরই ছিল। কিন্তু হঠাৎ করেই কয়েকজন সেই পোস্ট শেয়ার করে লিখে দেন অভিনেতা চন্দন সেন আর নেই। তারপরে এই খবর আগুনের মত ছড়িয়ে পড়া তো সময়ের অপেক্ষা! সকলেই পোস্ট করতে শুরু করেন, এ বাবা কখন হলো আমি তো জানতেও পারলাম না। এমনকি সায়নদীপ মিত্রের পোষ্টের কমেন্টে অনেকে লিখতে শুরু করেন, চন্দন সেন আর নেই তা মেনে নেওয়া যাচ্ছে না। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে শেষে বাধ্য হয়ে অভিনেতা চন্দন সেনকে মাঝ রাতে ফেসবুকে ভিডিও বার্তা দিতে হয় যে তিনি সুস্থ হয়ে বেঁচে আছেন এটা প্রমাণ করার জন্য! ধন্য সোশ্যাল মিডিয়া! ধন্য ভুয়ো খবর!

আরও অন্যান্য খবর